রাজশাহীর মোহনপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আব্দুল্লাহ আল ফিরোজ (৪০), ইসলামী ব্যাংকের মোহনপুর উপজেলার কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামে, বাবার নাম মোহাম্মদ আলী। অপর নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
আহত চারজনের নাম জানা যায়নি, তবে আহত এক নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. উজ্জ্বল জানান, নিহত দুজনের পরিচয় তারা পাননি। অজ্ঞাত হিসেবে মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আহত চারজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এসআই আরও জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
