×

আওয়ামী লীগ

আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ আইনি ও কূটনৈতিক নানা জটিলতায় বাধাগ্রস্ত। বাতিল হওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণসংক্রান্ত জটিলতা—সব মিলিয়ে আপাতত তাঁর দেশে ফেরা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক ও আইন বিশ্লেষকরা। এর মধ্যেই ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

এই ঘোষণাকে সামনে রেখে ডিসেম্বর মাসকে ঘিরে নানা কর্মসূচির পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে রাজনৈতিক পুনর্বাসনের চেয়ে ‘মর্যাদার প্রশ্ন’ হিসেবে দেখছেন। দলীয় সূত্রের দাবি, এ ইস্যুকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, কর্মীদের মনোবল ধরে রাখা, দেশের ভেতরে নিজেদের উপস্থিতি জানান দেওয়া এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায় দলটি।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানিয়েছে, ডিসেম্বরকে দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজয় দিবসসহ মাসটির বিভিন্ন ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে দেশে ও বিদেশে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন প্রচারণা, ভার্চুয়াল বৈঠক, ঝটিকা মিছিল, সমাবেশ এবং প্রবাসী নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টাও চালানো হবে।

সম্প্রতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন করা হয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এটিকে শেখ হাসিনার দেশে ফেরার দৃঢ় ইচ্ছার প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্বই বেশি। কারণ, বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরায় পাওয়ার প্রক্রিয়া জটিল। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ও তাঁর দেশে ফেরার ক্ষেত্রে বড় বাধা।

বাংলাদেশ সরকার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়টি নাকচ করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছে। অন্যদিকে, ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে দেশটির সরকারও নিজেদের অবস্থান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভ্রমণ নথির বিষয়ে তিনি জানান, বিদেশ ভ্রমণের জন্য বৈধ নথি প্রয়োজন। এ বিষয়ে কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানানো হবে।

বিশ্লেষকদের মতে, পাসপোর্ট বাতিল, এনআইডি-সংক্রান্ত জটিলতা এবং মৃত্যুদণ্ডের রায়ের কারণে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার দেশে ফেরা সহজ নয়। ফলে তাঁর ফেরার ঘোষণা দীর্ঘদিন ধরে ছত্রভঙ্গ হয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম সচল রাখার কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বর ঘিরে দলটির বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবেই পাসপোর্ট ও এনআইডির বিষয়টি সামনে আনা হয়েছে। দলীয় নেতাদের ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরতে চান—আবেদনের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার তাঁর ফেরার পথে বাধা দিচ্ছে—এমন বক্তব্যও আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা চলছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতা জানিয়েছেন, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও ডিসেম্বরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন দলের নীতিনির্ধারকরা। কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ কারাগারে, আত্মগোপনে কিংবা দেশের বাইরে থাকায় সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে।

তাঁদের দাবি, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে শতাধিক আসনের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন শেখ হাসিনা। ডিসেম্বর মাসে এ ধরনের ভার্চুয়াল যোগাযোগ আরও বাড়িয়ে সরাসরি নির্দেশনার মাধ্যমে কর্মীদের সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে।

এক নেতার ভাষ্য, পরিচিত মুখগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকায় মাঠপর্যায়ে সাংগঠনিক কাঠামো সচল রাখতে তুলনামূলক অপরিচিত ও তরুণ কর্মীদের সমন্বয়ে বিকল্প নেতৃত্ব তৈরির চেষ্টা চলছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ বিভিন্ন ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, অবরোধ ও অনলাইন প্রচারণার পরিকল্পনা রয়েছে দলটির সহযোগী সংগঠনগুলোর।

এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কার কথাও জানিয়েছেন গোয়েন্দা-সংশ্লিষ্টরা। সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দলটির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে থাকা প্রবাসী নেতাকর্মীদের নিয়ে সমাবেশ ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করা হবে। দলীয় সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন নেতাকর্মী দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে ভারতে গেছেন। অন্য দেশ থেকেও প্রবাসী নেতাকর্মীরা ভারতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে দলটি। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও লবিস্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর মাধ্যমে দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার প্রত্যাশা জোরালো করতে চায় আওয়ামী লীগ।

এর আগে ভারতে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি ফোরামের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেখানে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের কাছে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ সরকার।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানিয়েছেন, পাসপোর্ট বা এনআইডি নবায়নের আবেদন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু রাখতে চান—এমন বার্তা দেওয়া হচ্ছে। ওই নেতার অভিযোগ, পাসপোর্ট ও এনআইডি না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনি ফোরামে বিষয়টি তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বর মাসে শেখ হাসিনার সশরীরে দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তাঁর ফেরার ঘোষণা ঘিরে রাজপথ ও অনলাইনে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। যদিও দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা, শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং মাঠপর্যায়ের সাংগঠনিক দুর্বলতার কারণে এসব কর্মসূচি কতটা দৃশ্যমান হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, আবহাওয়াসহ বিভিন্ন কারণে ডিসেম্বর মাসে দেশে রাজনৈতিক কর্মসূচি তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে সব দলেরই নানা প্রস্তুতি থাকে। আওয়ামী লীগের রাজনীতি মুক্তিযুদ্ধকেন্দ্রিক হওয়ায় দলটি বিজয় দিবসকে ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা করবে। তবে দলটির কার্যক্রম আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ এবং জ্যেষ্ঠ নেতাদের অনেকে দেশের বাইরে থাকায় এবার এসব কর্মসূচি কতটা দৃশ্যমান হবে, তা অনিশ্চিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশের বাইরে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে রাজনৈতিক নেতারা সাধারণত নানা কৌশল অবলম্বন করেন। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনও সেই কৌশলের অংশ হতে পারে।

তিনি আরও বলেন, রাজনীতি, কূটনীতি ও আইনি জটিলতাসহ নানা কারণে আপাতত শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তাঁর ফেরার বিষয়টি সামনে রেখে ডিসেম্বরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করা হতে পারে। তাঁর মতে, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে, যদিও মাঠপর্যায়ের বাস্তবতায় এসব উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সূত্র : আগামীর সময়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App