পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম
ছবি : সংগৃহীত
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশিত হয়েছে। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে সই করেছেন।
গেজেটে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কালে এই নির্দেশনা প্রযোজ্য হবে। অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করতে হবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে নির্ধারিত বেতনের ভিত্তিতে শ্রান্তি ও বিনোদন ভাতা হিসাব করা হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন।
এর ফলে কোনো সরকারি কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে কোনো বকেয়া বা অতিরিক্ত অর্থ দাবি করতে পারবেন না।
গেজেটে জানানো হয়েছে, অর্থ বিভাগের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
