বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের এ বিভ্রাটে যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। এর প্রভাব পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।
মাইক্রোসফট জানিয়েছে, কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। সমস্যা সমাধানে কাজ চলছে এবং সেবা স্বাভাবিক করতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক্সে দেওয়া একাধিক বার্তায় মাইক্রোসফট জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় সচল করা এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিভ্রাট শুরু হয়। একপর্যায়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ জমা পড়ে ১ লাখ ৩০ হাজারের বেশি।
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুকের সমস্যা নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। পরে অভিযোগ কমতে শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানান।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়। ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল, ক্যালেন্ডারের তথ্য এবং কিছু ফাইল দেখতে সমস্যায় পড়েন। একই সঙ্গে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।
প্রতিষ্ঠানটি জানায়, শুরুতে কয়েকটি সার্ভারের নিয়মিত ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
একপর্যায়ে মাইক্রোসফট জানায়, পুনরায় সচল করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভারগুলোও চালুর চেষ্টা চলছে। তবে সার্ভার সচল হওয়ার পরও সব সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করা হয়।
এআই সেবাতেও প্রভাব
মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবা ব্যাহত হয়েছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগে সমস্যা দেখা দেওয়ায় তাদের কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। তৃতীয় পক্ষের একটি সেবা সরবরাহকারীর কারণে এ সমস্যা তৈরি হয়েছিল।
মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা ছিল। তবে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ওই ঘটনায় বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
কর্মীদের কারও ভোগান্তি, কারও স্বস্তি
মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করপোরেট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথাও জানিয়েছেন।
এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?’
বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এ বিভ্রাট তা আবারও সামনে এনেছে। একই সঙ্গে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অনলাইন সেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিও স্পষ্ট হয়েছে।
