এক যুগ পর রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর উদ্যোগ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি : ভোরের কাগজ
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে রাজশাহী মহানগর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল। সংগঠনটির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকাংশ রুটে মাত্র ২ থেকে ৩ টাকা এবং কয়েকটি নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের অনুমোদন মিললে আগামী ১০ আগস্ট থেকে নতুন ভাড়ার তালিকা কার্যকর হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দোশর মণ্ডলের মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক মাইনুল হক মানা বলেন, দীর্ঘদিন ধরে অটোরিকশার ভাড়া অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে আগের ভাড়ায় চালকদের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই একটি যৌক্তিক ভাড়ার প্রস্তাব তৈরি করা হয়েছে।
তিনি জানান, প্রস্তাবিত ভাড়ার তালিকা ইতোমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে শনিবার (১ আগস্ট) সিটি করপোরেশনে বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে আগামী ৬ বা ৭ আগস্টের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হলে ১০ আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ১১ থেকে ১৬ বছর ধরে অটোরিকশার ভাড়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। অনেক ক্ষেত্রে এখনো ৫ টাকার ভাড়ায় যাত্রী পরিবহন করতে হচ্ছে। অথচ ব্যাটারি, যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ওই আয়ে সংসার চালানো চালকদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এতে আরও বলা হয়, ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার দিনেও অধিকাংশ ক্ষেত্রে রিজার্ভ ভাড়া ৩০ থেকে ৬০ টাকার বেশি পাওয়া যায় না। ফলে চালকদের আর্থিক সংকট আরও বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন ভাড়ার প্রস্তাব তৈরি করা হয়েছে।
শ্রমিক নেতারা জানান, নতুন ভাড়ার তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির কোনো সুযোগ থাকবে না। কোনো চালক নির্ধারিত ভাড়ার বেশি অর্থ দাবি করলে কিংবা যাত্রীদের জিম্মি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর নতুন ভাড়া কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান ভাড়াই বহাল থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে নগরবাসী ও গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।
মতবিনিময় সভায় সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোপাল কুমার বাবুল, আলম হোসেন, মিনারুল ইসলাম এবং বাদশা রাশেল অনুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
