ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং একাধিক ট্রেন পথে আটকা পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়। স্টেশনটিতে একটিমাত্র রেললাইন থাকায় বিকল্প পথে ট্রেন চলাচলের সুযোগ না থাকায় রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, সকাল ১১টার দিকে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার কারণে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা পড়েছে। অন্যদিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনও চলাচল করতে পারছে না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে একটিমাত্র রেললাইন থাকায় বিকল্প কোনো পথে ট্রেন পরিচালনা সম্ভব হচ্ছে না। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রায় চার ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
