গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ছবি : ভোরের কাগজ
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং বাস্তবায়নে দপ্তর ও হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন বরণ কুমার প্রামাণিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা, নিয়মিত পানি দেওয়া, সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে পাঁচ বছরের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ লাখ বৃক্ষ দেশের জন্য একটি মূল্যবান পরিবেশগত সম্পদে পরিণত হবে।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ২২টি সুপারি গাছের চারা রোপণ করা হয়।
