×

রাজশাহী

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে চার আরএনবি সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

অন্যদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

শিক্ষার্থীদের অবস্থান ও অবরোধের কারণে ওই দিন রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে।

তবে সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন রাজশাহী ছেড়ে যাচ্ছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তদন্ত কমিটি ঘটনাটির সার্বিক বিষয় পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App