গরু চুরি প্রতিরোধে সড়কে ১২ বাঁশকল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: ভোরের কাগজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। এসব চেকিং পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন।
রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় ১২টি বাঁশকল স্থাপন করা হয়েছে। রাতের বেলায় এসব পয়েন্ট দিয়ে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী করা হচ্ছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।

স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এই পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান সহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।
