×

রংপুর

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪২ এএম

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় জনতা।

সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারা, টর্চলাইটের আলো এবং সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই পুশইন চেষ্টা চালাতে ব্যর্থ হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) বিকেল থেকে শুরু করে মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার ভুন্দুরচর, উত্তর বারবান্দা, বড়াইবাড়ি, ঝাউবাড়ি, বকবান্ধা ও খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৬৫-১০৬৯ নম্বর মেইন পিলার সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ড এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

বিএসএফ কর্তৃক পুশইনের আশঙ্কায় সোমবার বিকেল থেকেই বিজিবির পাশাপাশি শত শত স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে শক্ত পাহারায় বসেন। সারারাত ধরে চলা এই যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা ভেস্তে দিতে বাধ্য হয়।

এলাকাবাসী জানান, ভারতের অভ্যন্তর থেকে কিছু লোককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি জওয়ান ও স্থানীয় জনতা একজোট হয়ে সীমান্তে অবস্থান নেন। রাতভর সতর্ক চিৎকার ও টর্চলাইটের আলো ফেলে বিএসএফের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রুখে দেওয়া হয়। সকাল পর্যন্ত এই কড়া পাহারা বজায় থাকায় অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়।

সীমান্তের একাধিক সূত্র থেকে জানা গেছে, ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাভাষী মুসলিম ও অন্যান্য বাসিন্দাদের 'বাংলাদেশি' আখ্যা দিয়ে আটক করছে সে দেশের পুলিশ। আটককৃত নারী, পুরুষ ও শিশুদের প্রথমে বিভিন্ন জেলার হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হয় এবং পরবর্তীতে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি আসামের মানকারচর থানাধীন মানকারচর, কাকড়িপাড়া এবং সুদুরটিলা বিওপি সংলগ্ন ক্যাম্প ও বাড়িগুলোতে শতশত মানুষকে এনে জড়ো করেছে বিএসএফ। সেখান থেকে সুযোগ বুঝে তাদের ৬টি পয়েন্ট সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে। তবে সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা বারবার নস্যাৎ হয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, বিএসএফ ক্যাম্পগুলোতে শতশত মানুষকে ধরে এনে রাখা হয়েছে বাংলাদেশে পুশইন করার জন্য। গত শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গত তিন দিন ধরে বিজিবি ও এলাকাবাসী মিলে লাঠিসোঁটা নিয়ে দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন।

বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, পুশইন ঠেকাতে আমাদের বড়াইবাড়িসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করছে। ভারত যাতে কোনোভাবেই কোনো লোককে অবৈধভাবে অনুপ্রবেশ করাতে না পারে, সে জন্য সবাই সতর্ক।

তিনি আরও বলেন, সীমান্তে বাড়তি নিরাপত্তা হিসেবে স্থানীয় প্রশাসন চাইলে আনসার-ভিডিপি ও চৌকিদারদেরও টহলটিম হিসেবে যুক্ত করতে পারে। কারণ স্থানীয়রা গত কয়েকদিন ধরে একটানা পাহারা দিয়ে যাচ্ছেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, সীমান্তে পুশইনের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি এবং গ্রাম পুলিশ দিয়ে যৌথ টহলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইমাম হোসেন বলেন, গত কয়েকদিন ধরে রৌমারী সীমান্তে বিএসএফ ভারতীয় নাগরিকদের পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবি সাধারণ জনগণকে সাথে নিয়ে সীমান্তে পুশইন ঠেকাতে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। সীমান্তে ইতোমধ্যেই বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিএসএফ যাতে কোনোভাবেই কোনো নাগরিককে পুশইন করতে না পারে, সে জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App