দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের একদলীয় শাসনের অবসানের পর দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী কাজ করছেন। একই সঙ্গে বিপর্যস্ত প্রশাসনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ ও সংকটের মধ্যেও দেশে তেল-গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের ভূমিকা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দল আগের মতোই আচরণ করছে। তারা এমন ভাষায় কথা বলছে, যা আগে শেখ হাসিনার বক্তব্যেও শোনা যেত- ‘করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না।’ এমনকি তারা বলছে, সরকারের মেয়াদ শেষ করতে দেবে না। এ ধরনের বক্তব্য না দিয়ে সরকারকে সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও রংপুরের মানুষ যদি জামায়াত বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তারা কীভাবে সুযোগ পাবে- সেটিও ভাবতে হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের মধ্যে উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার ঘাটতি রয়েছে। নতুন উদ্যোগ গ্রহণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে রংপুরের মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। রংপুরের উন্নয়নে স্থানীয় মানুষকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাহলেই এ অঞ্চলের উন্নয়ন সম্ভব হবে।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরে রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২৫ জনের মধ্যে ২৫টি চা ঘর হস্তান্তর করা হয়।
