শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জে একটি বাসার শয়নকক্ষে ঢুকে পড়ে প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ। পরে লাঠির সাহায্যে সাপটিকে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ।
সোমবার রাত ৯টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় নিজের বাসার শয়নকক্ষে সাপটি দেখতে পান আদিল হুসেন। পরে লাঠি দিয়ে সেটিকে ঘর থেকে বাইরে বের করে আনেন তিনি। এরপর সাপটি একটি বস্তায় রেখে বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদকে ফোন করে বিষয়টি জানান।
নাহিদের পরামর্শ অনুযায়ী সাপটিকে নিরাপদে রাখেন আদিল। পরে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন নাহিদ।
নুর হাসান নাহিদ বলেন, এটি প্রাণঘাতী বিষধর কালাচ সাপ। এই সাপের কামড়ে দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া কাউকে সাপ ধরার চেষ্টা না করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, কালাচ সাধারণত রাতে চলাচল করে। ইঁদুর, ব্যাঙ ও বিভিন্ন পোকামাকড়ের সন্ধানে এ ধরনের সাপ বাসাবাড়িতে ঢুকে পড়তে পারে। তাই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সাপ ঢোকার সম্ভাব্য স্থানগুলোতে পর্যাপ্ত আলো রাখার কথাও জানান নাহিদ।
সাপে কাটার পর ঝাড়ফুঁক বা কোনো ধরনের কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
নুর হাসান নাহিদ জানান, ২০২১ সাল থেকে তিনি বন্যপ্রাণী উদ্ধারের কাজ করছেন। এ পর্যন্ত পাঁচ শতাধিক সাপ উদ্ধার করেছেন তিনি। এর পাশাপাশি বনবিড়াল, গন্ধগোকুল, শেয়াল, বিভিন্ন প্রজাতির পাখি ও শকুনসহ নানা ধরনের বন্যপ্রাণীও উদ্ধার করেছেন।
তিনি জানান, উদ্ধার করা কালাচ সাপটি বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
