৩ গোল বাতিলের পরেও জয় রিয়ালের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১২:৩৬ পিএম
ছবি: এএফপি
এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় খুবই সাধারণ ঘটনা হবার মতোই বিষয়। সেরকমটাই হয়েছে। ৩-০ গোলের বড় ব্যবধানের বড় জয়ই পেয়েছে রিয়াল। ফেদেরিকো ভালভের্দে, করিম বেনজেমা ও মার্কো আসেনসিওর গোলে জয় পায় করিম বেনজেমার দল।
তবে কিছুটা নাটকও হয়ে গেছে ম্যাচে। সেই নাটক না হলে রিয়ালের জয়ের ব্যবধানটা হতে পারতো আরও বড়।
ম্যাচে দুটি গোল ভিএআরে অন্য একটি অফসাইডে বাতিল না হলে রিয়াল জিততে পারতো ৬-০ ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই এলচের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল। গোলও খুব দ্রুতই পেয়ে যায় তারা।
১১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন ভালভের্দে। চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১৫ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
এর আগে রিয়ালের হয়ে ১৪৮ ম্যাচে তার গোল ছিল ৬টি।
এর আগে ৬ মিনিটে বেনজেমার গোল অফসাইডে বাতিল হয়ে যায়। কার্লো আনচেলত্তির দলের দ্বিতীয় গোলটি এসেছে ৭৫ মিনিটে। এবার রদ্রিগোর অসাধারণ এক পাস থেকে গোলটি করেছেন দুদিন আগে ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমা।
এর আগেই অবশ্য গোল পেয়ে যেতে পারত রিয়াল। ডেভিড আলাবা ২৬ মিনিটে এলচের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়। ৬১ মিনিটেই একই ভাগ্য মেনে নিতে হয় রিয়ালকে। এবার এলচের জালে বল পাঠিয়েছিলেন বেনেজেমা। কিন্তু ভিএআর সেটিকে অফসাইড বলে গোল বাতিল করে দেয়।
এই জয়ে শীর্ষে থাকা মাদ্রিদের পয়েন্ট ১০ ম্যাচে ২৮। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ১০ ম্যাচে ২২। ২০ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে চতুর্থ স্থানে।
