শেষ আটের আশা শেষ পাকিস্তানের!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৩:২৭ পিএম
শেষ আটের আশা শেষ পাকিস্তানের। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। কিন্তু এখনো কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে এর জন্য বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের খেলার ফলাফলের দিকে।
প্রথমে যুক্তরাষ্ট্র, তার পরে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। কিন্তু এখনো কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য শুধু নিজেরা জিতলেই হবে না, বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের খেলার ফলাফলের দিকেও।
গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত নিজেদের প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। যুক্তরাষ্ট্রও তাদের প্রথম ২ ম্যাচে জয় পেয়েছে, তাদের পয়েন্টও ৪। তবে নেট রানরেটে এখনো এগিয়ে আছে ভারত।
কানাডা ২টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, তাদের পয়েন্ট ২। পাকিস্তান ও আয়ারল্যান্ড নিজেদের সমানসংখ্যক ২টি ম্যাচেই হেরেছে, তাদের পয়েন্ট শূন্য। নেট রানরেটে ৪ নম্বরে রয়েছে পাকিস্তান, আর সবার শেষে আয়ারল্যান্ড।
পাকিস্তানের বাকি ২টি ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বাবরদের আগে সেই ২টি ম্যাচ ভালভাবে জিততে হবে। তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ৪, নেট রানরেটও বাড়বে। এর পর তাদের তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে। ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি হারে, তবে তাদের পয়েন্টও হবে ৪। কানাডা যদি ভারতের কাছে হারে তা হলে কানাডার পয়েন্ট হবে ২। এই পরিস্থিতিতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটের বিচারে শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে বাবরদের।
তবে যদি যুক্তরাষ্ট্র আরেকটি ম্যাচ জেতে, তা হলেই পাকিস্তানকে বিদায় নিতে হবে চলতি বিশ্বকাপ থেকে। আর যদি পাকিস্তান তাদের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে পয়েন্ট নষ্ট করে, তা হলে সেখানেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে বাবরদের।
