ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
বাংলাদেশ পৌঁছেছে নিউজিল্যান্ড দল। ছবি- সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের এক বিশাল বহর নিয়ে ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে কিউইদের মূল দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সরাসরি নির্ধারিত টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
এই সফরে নিউজিল্যান্ড ধাপে ধাপে ঢাকায় পৌঁছেছে। এর আগে দিনের বেলা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলা তিনজন ক্রিকেটার সরাসরি বাংলাদেশে আসেন। রাতে বাকি ২২ জন খেলোয়াড় ও কর্মকর্তা পৌঁছালে পূর্ণতা পায় কিউই স্কোয়াড।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দল চট্টগ্রামে যাবে, যেখানে ২৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষ করে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে কিউইদের এই সফর শেষ হবে।
