সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত
কোপা সুদামেরিকানায় ডিপোর্তিভো রেকোলেটার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের রাতে মাঠের ফুটবলের চেয়ে নেইমারের আচরণই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইনজুরি কাটিয়ে ফিরেই গোল পেলেও সান্তোসকে জয় এনে দিতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। উল্টো ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও বিতণ্ডায় জড়িয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছেন তিনি।
ভিলা বেলমিরোতে ম্যাচের শুরুতেই নেইমারের গোলে লিড নিয়েছিল সান্তোস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে খেলতে আসা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেকোলেটা প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় গ্রুপ ‘ই’-এর তলানিতে নেমে গেছে নেইমারের দল। নিজেদের মাঠে এমন হতাশাজনক ফলাফলে গ্যালারি থেকে ‘বু-ধ্বনি’ আসতে শুরু করলে মেজাজ হারান নেইমার। তিনি দর্শকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।
ম্যাচ শেষে টানেল দিয়ে ফেরার সময় এক দর্শকের কটূক্তির জবাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন নেইমার। ওই দর্শক তাকে ‘স্পয়েলড’ বা অতিরিক্ত সুবিধাভোগী বলে মন্তব্য করলে নেইমার পাল্টা সেই দর্শকের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। নেইমারকে বলতে শোনা যায়,'তোমার আরও ট্রেনিং করা উচিত, তুমি তো মোটা হয়ে যাচ্ছ। এখন খুশি তো? আমি এখানে সর্বোচ্চটা দিচ্ছি, তোমাকে তোমার এক মিনিটের খ্যাতি দিয়ে দিলাম।'
পরবর্তীতে ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন,'ফুটবলে ভুল হবেই, আমরা অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু বল জালে জড়ায়নি। দর্শকরা নার্ভাস হবে এটাই স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ মেনে নেয়া যায় না। মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করুন, সেটা ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে সীমা অতিক্রম করা অন্যায্য।'
নেইমারের জন্য এখন প্রতিটি ম্যাচই অগ্নিপরীক্ষার মতো। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এই তারকার মূল লক্ষ্য এখন আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিট রাখা এবং ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করা। হাঁটুতে করা অস্ত্রোপচারের ফলো-আপ চিকিৎসা শেষে তিনি পুরোদমে মাঠে ফিরেছেন।
সান্তোসের হয়ে আগামী ১৯ এপ্রিল ফ্লুমিনেন্সের বিপক্ষে এবং এরপর কোপা দো ব্রাজিলে কোরিতিবার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার।
