ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বড় অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি- সংগৃহীত
ফিফার উচ্চমূল্য দাবি এবং সম্ভাব্য দর্শক হ্রাসের শঙ্কায় ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও দুই বৃহত্তম জনসংখ্যার বাজারে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।
বিশ্বকাপ ফুটবল শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও ভারত ও চীনের কোটি কোটি দর্শকের জন্য ম্যাচ দেখা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফিফার চড়া দামের বিপরীতে বড় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো আশানুরূপ প্রস্তাব না দেওয়ায় ২০২৬ বিশ্বকাপের স্বত্ব এখনও চূড়ান্ত হয়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৭৫টির বেশি অঞ্চলে চুক্তি সম্পন্ন হলেও বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার বাজারে ফিফার দরকষাকষি এখনও ঝুলে আছে।
ভারতীয় বাজারে সম্প্রচার স্বত্ব পেতে রিলায়েন্স-ডিজনি যৌথভাবে ২ কোটি ডলারের প্রস্তাব দিলেও ফিফা তা প্রত্যাখান করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শুরুতে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল। ২০২২ কাতার বিশ্বকাপের স্বত্ব রিলায়েন্স প্রায় ৬ কোটি ডলারে কিনলেও এবার তারা চড়া দাম দিতে নারাজ। মূলত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় খেলা হওয়ায় অনেক ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের পর অনুষ্ঠিত হবে, যা দর্শক সংখ্যা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
একই চিত্র দেখা যাচ্ছে চীনেও। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি অনেক আগে স্বত্ব নিশ্চিত করলেও এবার তারা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অথচ গত বিশ্বকাপে বিশ্বজুড়ে মোট ডিজিটাল ভিউয়িং আওয়ারের প্রায় ৫০ শতাংশই এসেছিল চীন থেকে। সনি নেটওয়ার্কও ভারতে এই দৌড় থেকে সরে দাঁড়িয়েছে কারণ তারা এই প্রকল্পে বাণিজ্যিক মুনাফা দেখছে না।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য বিজ্ঞাপন বিক্রি ও অবকাঠামো প্রস্তুত করতে হাতে সময় খুবই কম। ডেন্টসু ইন্ডিয়ার স্পোর্টস বিভাগের ম্যানেজিং পার্টনার রোহিত পটফোড়ে বলেন,'বিষয়টিকে অচলাবস্থা না বলে দাবার শেষপর্যায়ের দরকষাকষির সঙ্গে তুলনা করা যায়।'
