দুই বছর পর ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি- সংগৃহীত
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১৭ জুলাই কলম্বোর এসএসসি মাঠে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গল। আগামী ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এবারের আসরে অংশ নেবে মোট ৫টি দল—জাফনা, কলম্বো, ক্যান্ডি, গল ও ডাম্বুলা। ফ্র্যাঞ্চাইজিগুলোর অফিশিয়াল নাম ও মালিকানার বিবরণ শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিগত দুই আসরে খেলোয়াড়দের নিলাম (অকশন) হলেও এবার ফিরছে প্লেয়ার ড্রাফট। আগামী ১ জুন এই ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট পদ্ধতি ফেরায় এবার কোনো ফ্র্যাঞ্চাইজিই আগের খেলোয়াড়দের ধরে রাখতে (রিটেইন) পারবে না। ফলে প্রতিটি দলেই বড় পরিবর্তন আসবে।
খেলোয়াড় নিবন্ধনের পোর্টালটি গত ৮ মে থেকে উন্মুক্ত রয়েছে, যা বন্ধ হবে আগামী ২০ মে। প্রতিটি স্কোয়াডে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় থাকতে পারবেন। স্থানীয় ক্রিকেটের প্রসারে প্রতিটি দলে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির দুজন উদীয়মান লঙ্কান ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অন্তত একজনকে মূল একাদশে খেলাতেই হবে। এ ছাড়া একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন।
এর আগে খেলোয়াড় নিবন্ধনের প্রাথমিক নির্দেশিকায় আইকন ও স্টার ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বনিম্ন আড়াই লাখ ফলোয়ার থাকার একটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছিল এসএলসি। এটি নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে পরবর্তীতে লঙ্কান বোর্ড এই শর্তটি বাতিল করতে বাধ্য হয়।
