×

খেলা

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:০৯ পিএম

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

দেজিরে দুয়ে (বামে) ও গুয়েলা দুয়ে। ছবি- সংগৃহীত

ফুটবলের বিশ্বমঞ্চে ভাই বনাম ভাইয়ের লড়াই নতুন কিছু নয়। তবে ২০২৬ বিশ্বকাপে দুই সহোদরের মুখোমুখি হওয়ার যে গল্প তৈরি হচ্ছে, তার আবেগ ও পারিবারিক বন্ধন একেবারেই অন্য রকম। কারণ, এবার একই ছাদের নিচে একই স্বপ্ন নিয়ে বড় হওয়া দুই ভাই খেলতে যাচ্ছেন দুটি ভিন্ন দেশের হয়ে। একজন মাঠ কাঁপাবেন ফ্রান্সের জার্সিতে, অন্যজন নামবেন আইভরি কোস্টের হয়ে।

এই দুই সহোদর হলেন দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। ছোট ভাই দেজিরে পিএসজির তরুণ তারকা ফরোয়ার্ড আর বড় ভাই গুয়েলা খেলেন স্ট্রাসবুর্গের রাইট-ব্যাক হিসেবে। এর আগে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে জেরোমে বোয়াটেং ও কেভিন প্রিন্স বোয়াটেং দুই দেশের হয়ে মুখোমুখি হয়েছিলেন। তবে তারা ছিলেন সৎভাই, বড় হয়েছেন আলাদা পরিবারে। দুয়ে ভাইদের গল্পটা সেখানে একদমই আলাদা; তাদের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে একসঙ্গে বেড়ে ওঠার উষ্ণতা।

২৩ বছর বয়সী বড় ভাই গুয়েলার জন্ম ফ্রান্সের অ্যাঞ্জার্সে। আর ২০০৫ সালের জুনে জন্ম নেওয়া ছোট ভাই দেজিরে ফুটবলে একটু আগেই আলো কাড়েন। মাত্র ছয় বছর বয়সে রেনেসে যোগ দিয়ে কৈশোরেই মূল দলে সুযোগ পান তিনি। অবশ্য তার আগে দুই ভাই একই একাডেমির মাঠে একসঙ্গে ঘাম ঝরিয়েছেন।

ফুটবল যেন এই পরিবারের রক্তেই মিশে আছে। তাদের চাচাতো ভাই ইয়ান বোহো খেলেন তুলুজে, মার্ক-অলিভার আছেন স্পেনের কাস্তেইয়নে এবং এডি দুয়ে খেলছেন পর্তুগালের এস্ত্রেলা আমাদোরায়। এমনকি তাদের চাচা নোমানদিয়েজ দুয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে রেফারি হিসেবে ইতিহাস গড়েছিলেন, যিনি বর্তমানে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের রেফারিবিষয়ক প্রধান।

২০২৩ সালের আগস্টে মেত্‌জের বিপক্ষে রেনেসের হয়ে দুই ভাইয়ের প্রথম একসঙ্গে মাঠে নামার স্মৃতি তৈরি হয়। সেই ম্যাচে দুজনই বদলি হিসেবে নেমেছিলেন। একসময় গুয়েলা মাঠে নামতেন দেজিরের বদলি হয়ে। তবে ২০২৪ সালের মাঝামাঝি ৫০ মিলিয়ন ইউরোতে দেজিরেকে দলে নেয় পিএসজি, আর গুয়েলা যোগ দেন স্ট্রাসবার্গে।

পারিবারিক সূত্রে দুই ভাইয়ের সামনেই ফ্রান্স ও আইভরি কোস্ট—দুই দেশের হয়ে খেলার সুযোগ ছিল। বড় ভাই গুয়েলা বাবার দেশ আইভরি কোস্টকে বেছে নেন। ২০২৪ সালের মার্চে অভিষেকের পর দেশের হয়ে ইতিমধ্যে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে তারকায় ঠাসা ফ্রান্স দলে জায়গা পাওয়া দেজিরের জন্য কঠিন যুদ্ধ ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে দিদিয়ের দেশমের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও আইভরি কোস্ট ভিন্ন গ্রুপে থাকলেও দুই দল নকআউটে উঠলে শেষ ষোলোতেই মুখোমুখি হতে পারেন দুই ভাই। শৈশবে যে ভাইয়েরা একই ঘরে বসে বিশ্বকাপ দেখতেন, এখন বিশ্বমঞ্চের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে একজনের গায়ে থাকবে ফ্রান্সের নীল, অন্যজনের আইভরি কোস্টের কমলা জার্সি। তবে মাঠের লড়াই ছাপিয়ে নামের পাশে পরিচয়টা একই থাকবে—দুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App