বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে ব্রাজিল। তবে শুধু ট্রফি জয়ের রেকর্ডেই নয়, বিশ্বমঞ্চে আরেকটি বড় গৌরবও নিজেদের দখলে রেখেছে লাতিন আমেরিকার এই পরাশক্তি। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার কীর্তিটি সেলেসাওদেরই। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে ইউরোপেরই আধিপত্য বেশি। সেরা দশে ইউরোপের দেশ রয়েছে সাতটি, আর বাকি তিনটি লাতিন আমেরিকার।
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবকটি (২২টি) আসরে অংশ নিয়েছে ব্রাজিল। ১১৪টি ম্যাচ খেলে রেকর্ড ২৩৭টি গোল করেছে তারা। সেই হিসাবে ম্যাচপ্রতি সেলেসাওদের গোলের গড় ২.০৮। বিশ্বমঞ্চে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৫টি গোল করেছেন ‘ফেনোমেনন’ খ্যাত কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। এ ছাড়া প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে একটি আত্মঘাতী গোল পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে জার্মানি। ২০টি আসরে অংশ নিয়ে ১১২ ম্যাচে তাদের গোলসংখ্যা ২৩২। জার্মানির ম্যাচপ্রতি গোলের গড় ২.০৭। দলটির পক্ষে সর্বোচ্চ ১৬টি গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা, যা একক কোনো খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ গোলের রেকর্ড। জার্মানি প্রতিপক্ষের কাছ থেকে আত্মঘাতী গোল পেয়েছে চারটি।
তালিকার তিন নম্বরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮টি আসরে ৮৮টি ম্যাচ খেলে আলবিসেলেস্তেরা গোল করেছে ১৫২টি। ম্যাচপ্রতি তাদের গোলের গড় ১.৭৩। আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৩টি গোল করেছেন মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তেরা প্রতিপক্ষের আত্মঘাতী গোল পেয়েছে দুটি।
এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে একশর বেশি গোল করা বাকি দেশগুলোর মধ্যে ফ্রান্স ১৩৬টি, ইতালি ১২৮টি, স্পেন ১০৮টি এবং ইংল্যান্ড ১০৪টি গোল করেছে। তালিকার পরের স্থানগুলোতে থাকা নেদারল্যান্ডস করেছে ৯৬ গোল এবং উরুগুয়ের সংগ্রহ ৮৯ গোল।
এদিকে গোলসংখ্যায় তালিকার ১০ নম্বরে থাকলেও একটি জায়গায় শীর্ষ নয়টি দলকেই পেছনে ফেলে দিয়েছে হাঙ্গেরি। মাত্র ৯টি আসরে অংশ নিয়ে ৩২ ম্যাচে ৮৬টি গোল করেছে তারা। গোলসংখ্যায় পিছিয়ে থাকলেও ম্যাচপ্রতি গোলের গড়ে সবাইকে ছাড়িয়ে গেছে দেশটি। হাঙ্গেরির ম্যাচপ্রতি গোলের গড় অবিশ্বাস্য—২.৭২! দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১১টি গোল করেছেন কিংবদন্তি সান্দর কোচিশ। হাঙ্গেরির পক্ষে প্রতিপক্ষ আত্মঘাতী গোল করেছে দুটি।
