মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। এর মধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে এক রোমাঞ্চকর ও সাহসী ভবিষ্যদ্বাণী করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার মতে, এবার ফুটবল বিশ্ব এক নতুন ইতিহাস দেখবে এবং প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আফ্রিকার দেশ মরক্কো। নিউইয়র্ক সিটি হলের লনে আয়োজিত এক সাক্ষাৎকারে তিনি এই পূর্বাভাসের কথা জানান।
সাক্ষাৎকারে মেয়র মামদানি অকপটে স্বীকার করেন, বিশ্বকাপের জয়ী দল নিয়ে কোনো গভীর গাণিতিক বা প্রযুক্তিগত বিশ্লেষণ করার সময় তার নেই। তবে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং বিশেষ করে আফ্রিকান ফুটবলের প্রতি দুর্বলতা থেকেই তিনি মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন।
মামদানি বলেন,‘ফুটবলে কিছু সিদ্ধান্ত গবেষণার চেয়ে হৃদয়ের টানেই বেশি নেওয়া হয়। আমার হৃদয় মরক্কোর পক্ষেই কথা বলছে।’
২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে করা এই পূর্বাভাসে মামদানি দেখিয়েছেন, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজত্ব দখল করবে মরক্কো। যদি তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে এটিই হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের ঐতিহাসিক কীর্তি। ফুটবল বিশ্লেষকদের কাছে এটি প্রায় অসম্ভব মনে হলেও মামদানির মন্তব্য, ‘হৃদয় যা চায়, সেখানেই তো যায়।’
মেয়র মামদানির এই পূর্বাভাসে আরও কয়েকটি বড় চমক রয়েছে। তিনি মনে করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পথচলা এবার থমকে যাবে শেষ ৩২-এর লড়াইয়েই; যেখানে তারা জাপানের কাছে হেরে বিদায় নেবে। অন্যদিকে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেবে। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে হাইতি শেষ ৩২ পর্যন্ত পৌঁছাবে এবং ঘানা নকআউট পর্বে উঠলেও কলম্বিয়ার কাছে হেরে যাবে।
উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি ছোটবেলা থেকেই ফুটবলের অন্ধ ভক্ত। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানাকে সমর্থন করতে গিয়ে স্টেডিয়ামে বসে কান্নার স্মৃতি এখনো তাকে আবেগাপ্লুত করে। চার বছর আগে কাতার বিশ্বকাপের সময় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থাকাকালে মরক্কো কোয়ার্টার ফাইনালে জয়ের পর স্থানীয় মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে রাস্তায় নেমে উদযাপনে অংশ নিয়েছিলেন তিনি। মূলত সেই আবেগ থেকেই এবার মরক্কোকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই মেয়র।
এদিকে, আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ল্যাটিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। টুর্নামেন্টের শুরুতেই এই হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর পারফরম্যান্স কেমন হয়, তার ওপরই নির্ভর করছে মামদানির এই রোমান্টিক ভবিষ্যদ্বাণীর প্রথম ধাপ। ফুটবল বোদ্ধাদের কাছে বিষয়টি আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও, মাঠের ফুটবল যে চরম অনিশ্চয়তার খেলা, জোহরান মামদানির এই মন্তব্য আরও একবার তা মনে করিয়ে দিল।
