মালয়েশিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের জয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে অলআউট করে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায় এইচপি দল। শুরুতে ওপেনার জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে ভালো অবস্থান তৈরি হলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষদিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।
জাওয়াদ আবরার ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। আরিফুল ইসলাম করেন ১২ বলে ১৫ রান এবং সাব্বিরের ব্যাট থেকে আসে ১২ বলে ১৪ রান। সাকলাইন ২৬ বলে করেন ৩২ রান। শেষদিকে অধিনায়ক মেহেরব হোসেন ২২ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি ৩টি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করেন আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিক ৫ বল খেলে কোনো রান না করেই ফিরে গেলে আরও চাপে পড়ে সফরকারীরা।
তিন নম্বরে ব্যাট করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। তিনি ২৫ বলে ২৯ রান করেন। তবে একের পর এক উইকেট হারানোয় মালয়েশিয়ার রান সংগ্রহের গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল মাত্র ৪২ রান।
এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের বলে আউট হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে মোহাম্মদ রুবেল হাসানের শিকার হন।
৬৩ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি দল।
সিরিজের শেষ ম্যাচ ১০ আগস্ট
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
