সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭২
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: ভোরের কাগজ
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ান, তাউসিফ ও আমায়রা নামের তিন শিশু মারা যায়। তাদের প্রত্যেকের বয়স এক বছরের নিচে।
বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় চারজনের হাম নিশ্চিত হয়েছে এবং বাকিরা সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
