হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পানে’ স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ফাইল ছবি
হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কেনা অ্যালকোহলজাতীয় তরল পান করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং নিজ বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন— লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০) ও সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২) ও তার স্ত্রী সুবি রবিদাস (৪০), এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
আরো পড়ুন: কেরানীগঞ্জে ইয়াবার কারখানা, গ্রেপ্তার ৪
পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তারা উপজেলার মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে একে একে তাদের মৃত্যু হয়।
ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিত দাসের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান সুদেব দাস। ঢাকায় নেওয়ার পথে মারা যান রঞ্জিত কুড়ি। আর নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।
তিনি আরো বলেন, নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের মরদেহ দাহ করেন। পরে সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ওসি শরীফ আহমেদ বলেন, তারা যে তরল পান করেছিলেন, সেটির প্রকৃত উৎস, উপাদান এবং এতে কোনো বিষাক্ত রাসায়নিক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
