ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
মহাসড়কে মুখোমুখি সংঘর্ষের পর একটি ট্রাক ছিটকে পড়ে পাশ দিয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।
