আওয়ামী লীগ নেতার পদত্যাগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি পদ এবং দলটির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুলতান আহমেদ। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দলীয় পদ ও সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত আনছার আলী সরকারের ছেলে এবং অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার।
সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ বলেন, ২০১৩ সাল থেকে তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তাঁর বয়স ৭২ বছর। বয়সের পাশাপাশি অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।
সুলতান আহমেদ বলেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে আর সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
