হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
ছবি : সংগৃহীত
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের হাজারো ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহারে সমস্যার কথা জানান। পরে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হয়ে আসে।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একপর্যায়ে ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার রিপোর্ট জমা পড়ে। ফেসবুকের বিভ্রাট শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে। রাত ১০টার দিকে রিপোর্টের সংখ্যা দ্রুত কমে আসে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিঙ্গাপুর, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর ব্যবহারকারীরাও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যার কথা জানিয়েছেন। সিঙ্গাপুরেও সোমবার সকালে প্ল্যাটফর্ম দুটির বিষয়ে অভিযোগের সংখ্যা বেড়ে যায়।
এই বিভ্রাটের প্রভাব ফেসবুক মেসেঞ্জারেও পড়ে। হোয়াটসঅ্যাপেও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি সমস্যার রিপোর্ট পাওয়া যায়। তবে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে তথ্য প্রকাশ করে; এসব সংখ্যা মোট আক্রান্ত ব্যবহারকারীর সংখ্যা নির্দেশ করে না।
এদিকে, বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
এর আগে জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে ফের প্ল্যাটফর্ম দুটিতে সমস্যা দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
