এআই ব্যবহার করে আয় করবেন যেভাবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে বদলে যাচ্ছে কাজের ধরন। আগে ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন বা ডিজাইনের মতো দক্ষতা অর্জনে দীর্ঘ সময় লাগলেও এখন বিভিন্ন এআই টুলের সহায়তায় তুলনামূলক কম সময়ে আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব। প্রয়োজন শুধু সঠিক দক্ষতা ও নিয়মিত চর্চা।
চ্যাটজিপিটি, ক্লড, ক্যানভা কিংবা ইনভিডিওর মতো টুল ব্যবহার করে শিক্ষার্থীসহ যে কেউ ঘরে বসেই দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করে আয় করতে পারেন। জেনে নিন এআই কাজে লাগিয়ে আয়ের কয়েকটি সম্ভাবনাময় ক্ষেত্র।
কনটেন্ট রাইটিং ও ডিজিটাল মার্কেটিং
চ্যাটজিপিটি বা ক্লডের সাহায্যে ব্লগ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এসইও-সমৃদ্ধ নিবন্ধ, পণ্যের বিবরণ কিংবা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা যায়। আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসব কাজের চাহিদা রয়েছে।
গ্রাফিক ডিজাইন
ডিজাইনে আগ্রহীরা ক্যানভা ব্যবহার করে লোগো, টি-শার্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার কিংবা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এসব ডিজিটাল পণ্য অনলাইনে বিক্রির পাশাপাশি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বা স্টার্টআপে খণ্ডকালীন কাজেরও সুযোগ রয়েছে।
গেম ডেভেলপমেন্ট
এআই টুলের কারণে এখন গেম তৈরির প্রক্রিয়াও অনেক সহজ হয়েছে। চ্যাটজিপিটির মাধ্যমে গেমের গল্প, চরিত্র, স্ক্রিপ্ট ও প্রয়োজনীয় কোড তৈরি করে ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিনে দ্রুত গেম তৈরি করা যায়। পরে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে প্রকাশ করে বিজ্ঞাপন কিংবা ইন-অ্যাপ পারচেজের মাধ্যমে আয় করা সম্ভব।
এ ছাড়া এআই দিয়ে তৈরি ডিজিটাল গেম অ্যাসেট, গ্রাফিক্স বা সাউন্ডট্র্যাক বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করেও আয় করা যায়।
আরো পড়ুন : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় দুঃসংবাদ
ভিডিও সম্পাদনা
যারা ভিডিও সম্পাদনায় নতুন, তারা ইনভিডিওর মতো এআই টুল ব্যবহার করে শুধু স্ক্রিপ্ট থেকেই আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। ইউটিউব, ফেসবুক বা করপোরেট প্রতিষ্ঠানের জন্য ভিডিও তৈরি করে ফ্রিল্যান্সিংয়ের সুযোগও রয়েছে।
কোডিং ও এআই প্রশিক্ষণ
গিটহাব কোপাইলটের মতো এআই কোডিং সহকারী ব্যবহার করে দ্রুত সফটওয়্যার তৈরি ও বাগ সমাধান করা যায়। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটা লেবেলিং, এআই ট্রেনিং এবং ভাষাভিত্তিক প্রকল্পে খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়ে থাকে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।
গবেষণা সহকারী হিসেবে কাজ
চ্যাটজিপিটি বা ক্লড ব্যবহার করে গবেষণাপত্রের লিটারেচার রিভিউ, দীর্ঘ লেখা সংক্ষেপ করা কিংবা তথ্য-উপাত্ত সাজানোর কাজ দ্রুত করা যায়। ফাইভার, আপওয়ার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা করে ভালো পারিশ্রমিক পাওয়া সম্ভব।
এআই দিয়ে ইংরেজি শেখানো
এআই ব্যবহার করে সহজেই ইংরেজি শেখানোর লেসন প্ল্যান, কুইজ ও শিক্ষাসামগ্রী তৈরি করা যায়। এগুলো কাজে লাগিয়ে অনলাইন কোর্স পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক ভিডিও প্রকাশ বা আন্তর্জাতিক টিউটরিং প্ল্যাটফর্মে শিক্ষক হিসেবে কাজ করে আয় করা সম্ভব।
প্রযুক্তির এই সময়ে শুধু এআই টুল ব্যবহার জানলেই হবে না, প্রয়োজন সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কাজের মান ধরে রাখার সক্ষমতা। সঠিকভাবে এআই ব্যবহার করতে পারলে এটি শিক্ষার্থী ও নতুন ফ্রিল্যান্সারদের জন্য আয়ের বড় সুযোগ হয়ে উঠতে পারে।
