×

মুক্তচিন্তা

জুলাইয়ের উত্তাল দিনগুলো

Icon

মো. শাহাদত হোসেন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

জুলাইয়ের উত্তাল দিনগুলো

ফাইল ছবি

মার্চ যেমন আমাদের রক্তে উন্মত্ততা সৃষ্টি করে, স্বাধীনতার স্বপ্ন দেখায়, তেমনি জুলাইও আমাদেরকে সাহসী করে তোলে, বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। একথা সত্যি যে, স্বাধীনতা সংগ্রাম আমাদের জাতীয় জীবনের সবচেয়ে সেরা ঘটনা। কিন্তু একথাও অনস্বীকার্য যে, স্বাধীনতার পর জুলাই বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঘটনা। 

জুলাই কারো কাছে দ্বিতীয় স্বাধীনতা, কারো কাছে বিপ্লব, কারো কাছে গণঅভ্যুত্থান। তবে জুলাইকে যে যে নামেই অভিহিত করুক না কেন, এটি যে আমাদের জীবনকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে তাতে কোন দ্বিমত নেই। যারা জুলাই ঘটিয়েছে, তাদের কাছে এটি এক মহান সংগ্রামের নাম। যারা জুলাইয়ের বিরোধিতা করেছে, তাদের কাছে এটি এক বেদনার ইতিহাস। 

সময়ের পরিক্রমায় আমাদের স্বাধীনতা সংগ্রামের মতোই জুলাইও বিতর্কহীন হবে, সর্বজনগ্রাহ্য হবে বলেই মনে করি। 

জুলাইয়ের প্রথম দিন থেকেই কোটাবিরোধী আন্দোলন দানা বাঁধছিলো। গঠিত হয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন। বিপরীতে ন্যায়সঙ্গত একটি আন্দোলন দমাতে গিয়ে শাসকশ্রেণি বারবার ভুল করছিলো। আসলে পতন যখন অনিবার্য হয়ে ওঠে, তখন ছোট ঘটনায় এমন বড় বড় ভুল হওয়াটাই স্বাভাবিক। 

ফ্যাসিস্ট সরকার পরোক্ষভাবে ঘোষণা দিয়েছিলো, তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। প্রধান বিরোধী দলসহ দেশের মানুষও যেন তা মেনে নিয়েছিলো, বিশ্বাস করতে বাধ্য হয়েছিলো। কিন্তু আমরা অল্প কিছু মানুষ বিশ্বাস করতাম যে, স্বৈরাচারের পতন ঘটবেই। আজ, কাল, পরশু– পতন ঘটবেই। পৃথিবীর কোন স্বৈরশাসক অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকেত পারেনি। পাপের ঘড়া পূর্ণ হওয়ার পর কোন না কোনভাবে তাদের পতন অনিবর্য হয়েছে। তাই স্বৈরাচার শেখ হাসিনারও যে পতন ঘটবে, তাতে কোন সন্দেহ ছিলো না। 

স্বৈরাচারের পতনের আন্দোলন চলছিলো দীর্ঘ সতের বছর ধরেই। এই আন্দোলনের মধ্যেই তিন তিনটি অবৈধ নির্বাচন হয়ে গেলো। এসব নির্বাচন রাতের ভোট, আমি-ডামি নির্বাচন হিসেবে খ্যাত। অবৈধভাবে সীমাহীন ক্ষমতা পেয়ে ফ্যাসিস্ট সরকার দেশের পুলিশ বাহিনী, প্রশাসন, বিচারক, সেনাবাহিনী, সাংবাদিক, শিল্পী, খেলোয়াড়, শিক্ষক, ব্যবসায়ী– সবাইকে অনুগত করে নিতে সক্ষম হয়। শুধু একটি গোষ্ঠীকে কোনভাবেই আনুগত্য স্বীকার করাতে পারেনি। তারা হলো ছাত্র সমাজ। 

এই ছাত্ররা অতীতেও ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। কখনো কোটাবিরোধী আন্দোলন, কখনো নিরাপদ সড়ক চাই আন্দোলন, কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ফি ধার্য্যের বিরুদ্ধে আন্দোলন। তবে ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন শেষতক সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। 

কোটা নিয়ে সরকারের ছলচাতুরিতে অতীষ্ঠ হয়ে ওঠে ছাত্রসমাজ। কখনো প্রশাসনের দোহাই দিয়ে, কখনো মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে, কখনো আদালতের দোহাই দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে শাসকশ্রেণি। কিন্তু জেন-জিরা যে শাসক শ্রেণির চেয়েও বুদ্ধিমান তা শাসকশ্রেণি বুঝতে পারেনি। ফলে তাদের সকল কূটকৌশল ভেস্তে যায়। বিশেষ করে জুলাই মাসের ১৪ তারিখে ছাত্রসমাজকে রাজাকার ট্যাগ দেয়ার পরই হাসিনা-শাহীর পতনের পথ উন্মুক্ত হয়ে যায়। যে ট্যাগ দিয়ে দীর্ঘ সতেরো বছর বিরোধী রাজনৈতিক দল, বিশেষত বিএনপি ও জামায়াতকে দমিয়ে রাখতে পেরেছিলো, সেই ট্যাগই ছাত্ররা আন্দোলনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বৈরাচারের মসনদ কাঁপিয়ে দেয়। ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের আপামর জনসাধারণ ও রাজনৈতিক দলগুলো। এমনকি আওয়ামী ঘরানার অনেক লোক এই আন্দোলনকে সমর্থন দেয়, কেউ কেউ দলত্যাগ করে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। 

দীর্ঘদিন ধরে দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিলো। গুম, খুন, হত্যা, আয়নাঘর, টর্চারশেল প্রভৃতির কারণে রাজনৈতিক সচেতন মহল ক্ষুব্ধ ছিলো। কোটা, ছাত্রলীগের নির্যাতন, চাকরি ক্ষেত্রে দলীয় নিয়োগ প্রভৃতি কারণে ছাত্ররা ক্ষুব্ধ ছিলো। মধ্য জুলাইয়ে এসে সকলের ক্ষোভ এক বিন্দুতে মিলিত হলো। জুলাইয়ের ১৬ তারিখে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহিদ হলে জনগণের সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। 

টেকনাফ থেকে তেঁতুলিয়ায় স্লোগান ওঠে, বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। দুহাত প্রসারিত আবু সাঈদের ছবি বিশ্ব বিবেককে পর্যন্ত নাড়িয়ে দেয়।  

১৮ জুলাই শহিদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি বিতরণকালে পুলিশ তাকে হত্যা করে। তার ‘পানি লাগবে পানি’ কথাটি আন্দোলনকে বেগবান করে। বিশেষকরে পাবলিক বিশ্বদ্যিালয়গুলোর আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করলে আন্দোলন স্তিমিত হওয়ার আশংকা দেখা দেয়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুতই রাস্তায় নেমে সে শূন্যস্থান পূরণ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়ায় তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ফ্যাসিস্ট সরকার ভয় পেয়ে যায়। জনগণের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।  

ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। একইসাথে আন্দোলনও বাড়তে থাকে। দেশের মানুষ হয় বিজয়ী, না হয় শহিদ হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মূলত মধ্য জুলাই থেকেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের প্রতি অসহিষ্ণু হয়ে পড়ে এবং রক্তের হোলি খেলায় মেতে ওঠে। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি বুঝতেই পারেনি যে, রক্ত-গঙ্গা বইয়ে আন্দোলন নস্যাৎ করা যায় না। প্রতিটি হত্যার পর আন্দোলনে আরো লক্ষ লক্ষ মানুষের সমর্থন বাড়তে থাকে, অংশগ্রহণও বাড়তে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলন ছড়িয়ে পড়ে কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝেও। 

সমাজের সকল স্তরের মানুষ আন্দোলনে শরিক হতে থাকে। শিক্ষার্থী ও রাজনীতিবিদ ছাড়াও শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, কামার, কুমার, রিকসাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার, গৃহিণী, ব্যবসায়ী, পথচারী, হকার, ভবঘুরে, বেকার, শিক্ষিত, অশিক্ষিত – সমাজের সকল স্তরের মানুষ আন্দোলনে সম্পৃক্ত হতে থাকে। যা দমানোর সাধ্য কারো ছিলো না।

জুলাইয়ের ১৯ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৯ দফা ঘোষণা করে। সম্ভবত এটিই ছিলো সরকারের সাথে আন্দোলনরতদের দফারফার শেষ সুযোগ। কিন্তু সরকার এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ২০ জুলাইয়ে কারফিউ জারি করে আনোদলনকারীদের উপর তাণ্ডব চালাতে থাকে। বিপরীতে ২১ জুলাইয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। পরদিন সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শুরু হয় অমানুষের বিরুদ্ধে মানুষের মরণপণ লড়াই। 

জুলাইয়ের ৩০ তারিখে ছাত্ররা প্রোফাইল লাল করার সিদ্ধান্ত নিলো। এসময়ই বেশ কয়েকজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে।  

মধ্য জুলাই থেকে দেশের প্রতিটি মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

৩১ জুলাইয়ে যখন ছাত্ররা মার্চ ফর জাস্টিসে ডাক দেয়, তখন থেকেই মনে হচ্ছিলো এবার ফ্যাসিবাদের পতন হতে যাচ্ছে। ১ আগস্টে দেখলাম ছাত্ররা লিখছে ৩২ জুলাই। তার মানে তারা জুলাইকে টেনে লম্বা করতে চাচ্ছে যেন জুলাইয়ের স্পিরিট অব্যাহত থাকে এবং আন্দোলনটাকে জুলাইয়ের ধারাবাহিকতায় শেষ করা যায়। ছাত্রদের এই সৃষ্টিশীলতায় দেশের মানুষ মুগ্ধ হয়েছিলো। যদিও প্রথম থেকেই এই আন্দোলনে ছাত্রদের শব্দচয়ন, স্লোগান ও কর্মসূচিতে বিশেষ একটা নতুনত্ব ছিলো, যা দেশের মানুষকে আকৃষ্ট করেছিলো। 

অবশেষে ৩৪ জুলাইয়ে (৩ আগস্ট) ঐতিহাসিক ১ দফার ঘোষণা হলো। ডু অর ডাই অবস্থানে চলে গেলো ছাত্ররা। পুরো দেশবাসী ছাত্রদের পাশে দাঁড়ালো। জুলাইয়ের ৩৫ তারিখে (৪ আগস্ট) লং মার্চ টু ঢাকার আহ্বান এলো। প্রথমে ৬ আগস্টে এবং পরবর্তীতে সংশোধন করে ৫ আগস্টে ঢাকা অবরোধের ডাক দেয়া হলো। জুলাই আন্দোলনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিলো এটি। কেননা একদিন দেরি হলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারতো।

দেশবাসী দেখলো দেশের কোন জায়গা থেকে কিভাবে ঢাকায় আসতে হবে সেসব রোডম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে আসতে হবে, কত খরচ হবে, কোথায় হাঁটতে হবে, কোন পথ দিয়ে ঢুকতে হবে সব ঠিক করে দেয়া। 

৩৬ জুলাই (৫ আগস্ট)। লক্ষ লক্ষ মানুষ রাজপথে। ঘণ্টাখানেক ধরে শুধু মানুষ পঙ্গপালের মতো ঢাকায় ঢুকেছে। 

দুপুরের দিকে যখন সেনাপ্রধান গণমাধ্যমে কথা বলার ঘোষণা দিলেন, তখন স্বস্থি ও শান্তিতে মনটা ভরে গেলো। দু’চোখে রাজ্যের ঘুম। তখন মনে হলো আহা কতদিন শান্তিতে ঘুমাইনি। শান্তিতে একটু ঘুমুতে চাই।     

লেখক: অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’

‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App