বিশ্ব পর্যটন দিবসে আশার আলো
প্রকৃতি বাঁচিয়েই বেলাই বিলে পর্যটনের বড় সুযোগ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
শীতলক্ষ্যা থেকে ভাদার্ত্তী খাল পেরিয়ে বিলে ঢুকতেই মনে হবে যেন সিলেটের রাতারগুল। চারদিকে শাপলার বিস্তার, থইথই জলরাশি আর সবুজের সমারোহ। প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা এই জলাভূমিটি হলো গাজীপুরের ঐতিহ্যবাহী ‘বেলাই বিল’।
গাজীপুর সদর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর—এই চার উপজেলার অর্থনৈতিক ও প্রাকৃতিক জীবনরেখা হিসেবে পরিচিত বিলটি বিশ্ব পর্যটন দিবসে নতুন করে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
চার উপজেলার মানুষের দেশীয় মাছের চাহিদা পূরণ, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজে ভূমিকা রাখা বেলাই বিল বর্ষা এলেই রূপ নেয় এক প্রাকৃতিক পর্যটনকেন্দ্রে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌভ্রমণে আসা প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয় এর অনাবিল সৌন্দর্য।
তবে বিলে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের মতে, সৌন্দর্য থাকলেও সুপরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে এখনো পুরোদমে বিকাশ ঘটেনি এই পর্যটন সম্ভাবনার। নিয়মিত ভ্রমণকারী নুরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা রানা সরকার বলেন, বিলে যাতায়াতের রাস্তা সরু হওয়ায় সমস্যা পোহাতে হয়। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, প্লাস্টিক বর্জ্য ফেলানো বন্ধ করা এবং রাস্তা প্রশস্ত করা গেলে বেলাই বিল দেশের অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে।

একই সুর স্থানীয় সামাজিক সংগঠন ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’র সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঞার কণ্ঠেও। তিনি জানান, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে এই বিলকে কেন্দ্র করে বড় ধরনের পর্যটন হাব গড়ে তোলা সম্ভব, যা এলাকার বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনও বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম জানান, বেলাই বিলের সৌন্দর্য তুলে ধরতে ইতোমধ্যে প্রামাণ্যচিত্র বানিয়ে প্রচার করা হচ্ছে। একই সাথে বিলের জলাধার রক্ষায় আদালতের নির্দেশনা মেনে যেকোনো ধরনের ভরাট চেষ্টা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বেলাই বিলের মূল শক্তিই হলো এর স্বাভাবিক জলাভূমি ও পরিবেশ। কোনো ভারী স্থাপনা না বানিয়ে জীববৈচিত্র্য রক্ষা করেই যদি সুসংগঠিত পর্যটন পরিচালনা করা যায়, তবে এটি একদিকে যেমন গাজীপুরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতির চিত্রও বদলে দেবে।
