তারাকান্দায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তারাকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া রোয়াপাড়া গ্রামের একটি জমির আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের এনামুল হক ও হাফিজা আক্তার দম্পতির ছেলে। পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, গত ৮ জুলাই সকাল ১০টার দিকে আব্দুল্লাহকে ঘরে রেখে তার মা গরুকে পানি খাওয়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাননি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ঘটনার দিনই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর থেকে বিকাল পর্যন্ত আশপাশের বিভিন্ন পুকুরে তল্লাশি চালায়। তবে কোথাও শিশুটির সন্ধান মেলেনি।
নিখোঁজের তিন দিন পর গতকাল শনিবার সকালে বাড়ির দক্ষিণ পাশে হযরত আলী ও নুরুল আমিনের জমির আইলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল আলম জানান, খবর পেয়ে ফুলপুর সার্কেলের কর্মকর্তাসহ তারাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
