×

দূরের জানালা

ফিলিস্তিনের বিখ্যাত সেই জলপাই তেল কোথায় গেল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের বিখ্যাত সেই জলপাই তেল কোথায় গেল?

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের জলপাই- বিশ্বজুড়ে অতুলনীয় স্বাদ, উচ্চ গুণমান এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য সমাদৃত। তবে প্রতিকূল আবহাওয়া, ইসরায়েলি দখলনীতি, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং পশ্চিম তীরে চলমান অস্থিরতায় মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সুপার মার্কেটে ফিলিস্তিনি জলপাই তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য ও রপ্তানি খাত ভয়াবহ সংকটে পড়েছে। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে গত রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ উল্লেখ করেছে- অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেমের দক্ষিণে বেইত জালার কৃষক কামাল মুকারকারের পরিবার প্রজন্মের পর প্রজন্ম জলপাই চাষের সঙ্গে যুক্ত। একসময় জলপাই তেল বিক্রির আয়েই তাদের সংসার চলত। কিন্তু এবার তিনি বলছেন, ২০০৯ সালের পর এটিই সবচেয়ে খারাপ মৌসুম। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং বসতি স্থাপনকারীদের হামলার কারণে জলপাই উৎপাদন ৭০ শতাংশেরও বেশি কমে গেছে।

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরের অনেক মানুষ, যারা আগে ইসরায়েলে কাজ করতেন, জীবিকার অভাবে আবার কৃষিতে ফিরে এসেছেন। কিন্তু কৃষিতেও তারা প্রত্যাশিত ফল পাচ্ছেন না। মুকারকার জানান, গত দুই বছরের আবহাওয়া ছিল ‘দুর্যোগ’, আর সেই সংকটকে আরো গভীর করেছে সহিংসতা ও দখলনীতি।

এদিকে মুকারকারের পরিবারের ৩০ শতাংশ জমি ইসরায়েলের বিভাজন প্রাচীর নির্মাণের সময়ই হারিয়ে গিয়েছিল। এছাড়া আশপাশের ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং নতুন আউটপোস্ট স্থাপনের ফলে অনেক কৃষক নিজেদের জমিতে নিরাপদে যেতে পারছেন না। গত বছরের ফসল সংগ্রহের সময়ও হামলার আশঙ্কায় অনেকে জলপাই তুলতেই যাননি। ফিলিস্তিনি অলিভ অয়েল কাউন্সিলের চেয়ারম্যান ফাইয়াদের মতে, গত বছর ফিলিস্তিনে জলপাই তেলের উৎপাদন স্বাভাবিক গড়ের মাত্র ৩৩ শতাংশে নেমে আসে। উৎপাদন হয়েছে মাত্র ৭ হাজার টন, অথচ পশ্চিম তীরের অভ্যন্তরীণ বাজারের চাহিদাই অন্তত ১৩ হাজার টন। ফলে রপ্তানির জন্য কার্যত কোনো উদ্বৃত্ত তেল অবশিষ্ট নেই।

স্বাভাবিক সময়ে ফিলিস্তিনের প্রায় ৪ হাজার টন জলপাই তেল উপসাগরীয় দেশগুলোতে, ১ হাজার টন জর্ডানে এবং আরো ২ হাজার টন বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা হয়। কিন্তু এবার সেই রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে।

ফাইয়াদ জানান, জলপাই তেল ফিলিস্তিনের কৃষি খাতের মোট আয়ের প্রায় ১৫ শতাংশ জোগান দেয়। প্রায় ৭০ হাজার জলপাই বাগানের মালিক এবং পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনসহ বিভিন্ন কাজে যুক্ত আরো প্রায় ৩০ হাজার পরিবার এই খাতের ওপর নির্ভরশীল। অর্থাৎ প্রায় এক লাখ পরিবারের জীবিকা সরাসরি বা পরোক্ষভাবে জলপাই তেলের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, গত মৌসুমে প্রায় ২০ শতাংশ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বা বাধার কারণে কৃষকরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারেননি। ইসরায়েলি বসতির কাছাকাছি হওয়ায় ৩১ হাজার একরেরও বেশি জমি কার্যত ফিলিস্তিনি মালিকদের নাগালের বাইরে রয়েছে।

তবে চলতি বছরে ভালো বৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা আশা তৈরি হয়েছে। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা। কিন্তু কৃষকদের আশঙ্কা, অনুকূল আবহাওয়া থাকলেও সহিংসতা ও জমিতে প্রবেশের বাধা অব্যাহত থাকলে সেই আশা বাস্তবায়িত হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App