দিতিপ্রিয়ার পোস্ট ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন নতুন কোনো প্রকল্পে দেখা যাচ্ছে না অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ অপর্ণা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তিনি। সহ-অভিনেতা জিতু কমলের সঙ্গে তার রসায়নও প্রশংসিত হয়েছিল। তবে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে মাঝপথেই ওই ধারাবাহিক থেকে সরে যান দিতিপ্রিয়া। এরপর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ইনস্টাগ্রামে দিতিপ্রিয়া লিখেছেন, ‘ভণ্ডামি যখন স্বাভাবিক হয়ে যায়, তখন সততাই মানুষের কাছে অস্বস্তিকর লাগে।’ তবে পোস্টটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার উদ্দেশে কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সময় দিতিপ্রিয়া ও জিতু কমলের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। জানা যায়, একপর্যায়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দিলে তার জায়গায় যুক্ত হন শিরিন পাল। তবে কিছুদিন পর বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। এদিকে দিতিপ্রিয়াকে নিয়ে নতুন গুঞ্জনও শোনা যাচ্ছে। খবর, এ বছর সান বাংলার মহালয়া অনুষ্ঠানে দুর্গার চরিত্রে দেখা যেতে পারে তাকে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান দিতিপ্রিয়া। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। ‘রাজকাহিনি’, ‘বব বিশ্বাস’, ‘অভিযাত্রিক’, ‘আয় খুকু আয়’ ও ‘কলকাতায় চলন্তিকা’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নতুন কাজের ঘোষণা না এলেও দিতিপ্রিয়ার ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার নতুন কোনো চরিত্র নিয়ে পর্দায় ফিরবেন তিনি।
