ভক্তদের ভিড়
জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। চলমান বিশ্বকাপ ফুটবলের আসরে যার পায়ের জাদু এখন দেখেছে পুরো বিশ্ব। টিভির পর্দায় মেসির খেলা আর মেসির অটোগ্রাফ যুক্ত জার্সি দেখতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভিড় করছেন শত শত ফুটবলপ্রেমী। বিশেষ করে আর্জেন্টিনা দলের সমর্থক এবং তরুণদের মধ্যে এই প্রদর্শনীকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারক বিশ্বজুড়েই ভক্তদের কাছে বিশেষ মূল্য বহন করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত এই স্বাক্ষরিত আর্জেন্টিনার জার্সিও ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠেছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। এতে শুধু লিওনেল মেসির নয়, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের স্বাক্ষরও রয়েছে। ফলে এটি বিশ্ব ফুটবলের ইতিহাসের একটি মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।
জার্সিটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরের নির্ধারিত প্রদর্শনীকক্ষে বিশেষভাবে বাঁধাই করা ফ্রেমে সংরক্ষণ করা হয়েছে জার্সিটি।
প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা জার্সিটির সামনে ছবি তুলছেন, স্মৃতিচারণ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। অনেকের কাছে এটি বিশ্ব ফুটবলের ইতিহাসের একটি মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।
জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) রিজিওনাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন বিভিন্ন বয়সী দর্শনার্থী এই স্বাক্ষরিত জার্সিটি দেখতে আসছেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখছেন, আবার অনেকেই জার্সিটির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফুটবলপ্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে স্মরণীয় এক অভিজ্ঞতা।
দর্শনার্থীদের অনেকেই মনে করছেন, বাংলাদেশে বিশ্ব ফুটবলের এমন একটি ঐতিহাসিক স্মারক প্রদর্শনের সুযোগ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য গর্বের বিষয়।
জাদুঘরের প্রহরীরা বলেন, প্রদর্শনী শুরুর পর থেকেই দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে মেসির স্বাক্ষরিত জার্সিটি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
