×

প্রথম পাতা

কক্সবাজার

পাহাড় ধসে মৃত্যু নারী-শিশুসহ ৯ জনের

Icon

সৈয়দুল কাদের, কক্সবাজার থেকে

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও কক্সবাজার শহরে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় ৮ জন ও কক্সবাজার শহরে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অনেকে।

গত রবিবার রাত ১টার পর থেকে ভোর ৪টার মধ্যে পাহাড়ধসের এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্বেচ্ছাসেবীরা রাতেই উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে একটি রোহিঙ্গা বসতঘরের ওপর মাটিচাপা পড়ে। এতে পরিবারের ৫ সদস্য মাটির নিচে চাপা পড়েন। পার্শ্ববর্তী লোকজন ২ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং পুত্র মোহাম্মদ আনাসের (৪) মরদেহ উদ্ধার করে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত পৌনে ২টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ের মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ঐ ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে।

ওই ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, পাহাড়ধসের খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে একই পরিবারের নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১ জন।

এ ঘটনায় নিহতরা হলো- ঐ ক্যাম্পে আশ্রয় নেয়া আব্দুর রাজ্জাকের ২ মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তানজিনা আক্তার (১৩) এবং মোহাম্মদ রশিদের ২ শিশু পুত্র মোহাম্মদ রিহান (০৫) ও হারুনুর রশিদ (৩)।

উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা স্বেচ্ছসেবীদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এসময় ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পৃথক ৩টি পাহাড়ধসের ঘটনা কাছাকাছি সময়ে ঘটেছে। এই পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাত ৩টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে। চাপা পড়া আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএডিসিতে ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

বিএডিসিতে ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আজ বিকেল ৩ টায় শুরু সংসদ অধিবেশন

আজ বিকেল ৩ টায় শুরু সংসদ অধিবেশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App