জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিয়ম অনুযায়ী, রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই বিতর্কে প্রথম বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট এবং দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের এবারের অধিবেশন গত ১৮ সেপ্টেম্বর শুরু হলেও বিশ্বনেতাদের অংশগ্রহণে মূল জেনারেল ডিবেট আজ থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে বাড়তে থাকা বিভাজন ও সংঘাতের কথা তুলে ধরে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, কেবল সামরিক শক্তি, অর্থনীতি বা প্রযুক্তি দিয়ে একা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
গুতেরেসের ভাষণে উল্লেখযোগ্য দিকগুলো হলো:
গাজা পরিস্থিতি: ফিলিস্তিনের গাজা থেকে বিশ্ববাসীর নজর সরতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ৭ অক্টোবর হামাসের হামলার তিন বছর পার হয়েছে। এরপর গাজায় যে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা তিনি তাঁর জীবনে কোথাও দেখেননি। পাশাপাশি গাজায় জাতিসংঘের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জোর দাবি জানান তিনি।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
ইউক্রেন যুদ্ধ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে একটি নৃশংস উল্লেখ করে তিনি জানান, এই সংঘাতে ফ্রন্টলাইনে বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। ইউক্রেনীয়দের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাশিয়ায়ও বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি নারীর অধিকার এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান।
নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার প্রতিনিধিত্ব: ২১ শতকেও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার কোনো স্থায়ী প্রতিনিধি না থাকাকে একটি ‘অবিচার ও অগ্রহণযোগ্য’ বিষয় হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই কাঠামোগত পরিবর্তনের দাবি জানান গুতেরেস।
বক্তব্যের শেষ পর্যায়ে মহাসচিব জোর দিয়ে বলেন, সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করা ছাড়া বিশ্বে কোনো টেকসই শান্তি ও উন্নয়ন অর্জন সম্ভব নয়।
সূত্র: আলজাজিরা।
