×

প্রথম পাতা

স্পেনের বিপক্ষে আত্মবিশ্বাসী বেলজিয়াম, আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ

Icon

আজিজুর রহমান জিদনী

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্পেনের বিপক্ষে আত্মবিশ্বাসী  বেলজিয়াম, আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৯৬টি। ৪৮ দল থেকে লড়াইটা এখন কোয়ার্টার-ফাইনাল পর্বে পৌঁছে হয়েছে ৮ দলের। আর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল মানেই স্বপ্ন, চাপ ও ইতিহাস আর অঘটনের সম্ভাবনা। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে চমকে দেয়ার স্বপ্নে বিভোর বেলজিয়াম, অন্যদিকে বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে বিদেশি কোচদের ব্যর্থতার অধ্যায় পাল্টাতে মরিয়া ইংল্যান্ডের টমাস টুখেল ও বেলজিয়ামের রুদি গাহসিয়া। একই সময়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ইতিহাস নতুন করে লেখার মঞ্চে নামছে সুইজারল্যান্ড। সব মিলিয়ে শেষ আটের লড়াইয়ে বিশ্বকাপ পাচ্ছে কয়েকটি ভিন্ন গল্প, কিন্তু লক্ষ্য একটাই- সেমি-ফাইনালের টিকেট।

লস অ্যাঞ্জেলেসে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। গ্রুপ পর্বে মিশর ও ইরানের বিপক্ষে ড্র করে ধাক্কা খেলেও নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে নকআউটে ওঠে তারা। এরপর সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় ও আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে বেলজিয়ানরা।

দলের এই পুনর্জাগরণে সবচেয়ে বেশি আশাবাদী অধিনায়ক ও গোলরক্ষক তিবো কোর্তোয়া। তার বিশ্বাস, স্পেন ফেভারিট হলেও বেলজিয়ামের সামর্থ্য তাদের চমকে দেয়ার মতোই। কোর্তোয়ার ভাষায়, দলের সবাই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে স্পেনকে হারানো সম্ভব। তার মতে, বিশ্বকাপে অঘটন নতুন কিছু নয়, আর সেই অঘটনের জন্ম দিতে পারে বেলজিয়ামই।

তবে স্পেনের শক্তিমত্তা নিয়েও যথেষ্ট সতর্ক এই অভিজ্ঞ গোলরক্ষক। বলের দখল, দ্রুত প্রেসিং ও আক্রমণভাগের ধার- সব মিলিয়ে স্পেনকে সবচেয়ে কঠিন প্রতিপক্ষগুলোর একটি হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে লামিন ইয়ামালের গতি, একের বিপক্ষে এক পরিস্থিতিতে দক্ষতা ও প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন কোর্তোয়া। একই সঙ্গে জানিয়েছেন, স্পেন বল হারানোর পর রক্ষণের পেছনে যে ফাঁকা জায়গা তৈরি হয়, সেটিই কাজে লাগাতে হবে বেলজিয়ামকে। স্পেনের বিপক্ষে ম্যাচটি কোর্তোয়ার জন্য আবেগেরও। আতলেতিকো মাদ্রিদ ও রেয়াল মাদ্রিদ মিলিয়ে ১১ বছর স্পেনে কাটানো এই গোলরক্ষক দেশটিকে নিজের দ্বিতীয় বাড়ি বললেও মাঠে তিনি শুধুই বেলজিয়ামের প্রতিনিধি।

এছাড়াও এবার কোয়ার্টার-ফাইনালের আরেকটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিদেশি কোচদের ভাগ্য। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এখনো কোনো দল বিদেশি কোচের অধীনে শিরোপা জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ আছে কেবল দুজনের সামনে- ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল ও বেলজিয়ামের ফরাসি কোচ রুদি গাহসিয়ার।

৪৮ দলের এই বিশ্বকাপে ২৭টি দল বিদেশি কোচ নিয়ে এলেও কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছেন কেবল এই দুজন। ইংল্যান্ডকে দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে দায়িত্ব নেয়া টুখেল ইতোমধ্যে দলকে শেষ আটে তুলেছেন। তবে সেমি-ফাইনালে উঠতে হলে তাকে টপকাতে হবে আর্লিং হলান্ড-নেতৃত্বাধীন নরওয়ের কঠিন বাধা। অন্যদিকে, রুদি গাহসিয়ার সামনে সবচেয়ে বড় পরীক্ষা স্পেন। তার অধীনে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বেলজিয়াম এবার প্রমাণ করতে চায়, বড় মঞ্চেও তারা শিরোপার দাবিদার। বিদেশি কোচদের বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে লেখক ও বিশ্লেষক সিমন কুপার জাতীয় গর্বের বিষয়টিকেই সামনে এনেছেন। তার মতে, নিজ দেশের ফুটবল সংস্কৃতি ও আবেগকে যেভাবে দেশি কোচরা ধারণ করেন, বিদেশিদের পক্ষে সেই অনুভূতি পুরোপুরি অর্জন করা কঠিন।

এদিকে কোয়ার্টার-ফাইনালের উল্লেখযোগ্য ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়াচ্ছে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ওঠা সুইসরা এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। সুইজারল্যান্ডের ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি মনে করেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচের চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না। তবে সেই কঠিন পরীক্ষার জন্য তার দল প্রস্তুত বলেও বিশ্বাস করেন তিনি।

ইতিহাস অবশ্য সুইজারল্যান্ডের পক্ষে নয়। বিশ্বকাপে আগের দুই দেখাতেই আর্জেন্টিনার কাছে হেরেছে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়েও ৭ ম্যাচে জয় নেই সুইসদের। তবু অতীত ভুলে নতুন ইতিহাস লেখার প্রত্যয়ে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় আগামী রবিবার সকাল ৭টায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার-ফাইনালের লড়াই। তার আগে স্পেন-বেলজিয়াম, ইংল্যান্ড-নরওয়ে ও

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড- তিন ম্যাচেই নির্ধারিত হবে বিশ্বকাপের সেমি-ফাইনালের নতুন সমীকরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ৩১১ পর্যটক

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন ৩১১ পর্যটক

দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ চায় এনসিপি

দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ চায় এনসিপি

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, জেলা প্রশাসনের সব ছুটি বাতিল

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, জেলা প্রশাসনের সব ছুটি বাতিল

বৃষ্টির দিনে ঘরেই তৈরি করুন পারফেক্ট খিচুড়ি

বৃষ্টির দিনে ঘরেই তৈরি করুন পারফেক্ট খিচুড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App