ডেঙ্গুতে মৃত্যু ১
হামের প্রকোপে আরো ৫ জনের প্রাণহানি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এ রোগের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এই সময়ে ১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১ জন পরীক্ষায় নিশ্চিত হামে এবং বাকি ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ২ এবং সিলেট ও বরিশালে এক জন করে শিশু মারা গেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯টি শিশু। ৯০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৯। এই সময়ে ৮৪৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৩টি শিশু।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮টি শিশু মারা গেছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৪ হাজার ৩৪০ রোগী, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৫০ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩১, ঢাকা বিভাগে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, খুলনা বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে ৪, রংপুর বিভাগে ১ ও সিলেট বিভাগে ৪ জন রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৫৭০ জন। চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৫ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে ১৩ জন। আর জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন ও মে মাসে ১ জনের মৃত্যু হয়েছে।
