×

প্রথম পাতা

ডেঙ্গুতে মৃত্যু ৩০

৭৭১ জনের প্রাণ কাড়ল হাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৭৭১ জনের প্রাণ কাড়ল হাম

দৈনিক ওঠা-নামার মধ্য দিয়ে হাম ও ডেঙ্গু আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মৃত্যুবরণ করেনি। গত ২৪ ঘণ্টায় যে ৫ শিশু মারা গেছে তাদের মধ্যে ৪ জন ঢাকা এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা। আর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃত ২ জনই ঢাকা বিভাগের।

গতকাল বুধবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরো ৯২০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ জন। ভর্তিরোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৩৩ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ৬৯, চট্টগ্রামে ১৯৬, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৫৪, রংপুরে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৭৭১ শিশু মারা গেছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন প্রাণ হারিয়েছেন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৩ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৪, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭। দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ৮৭৮ জন। যার মধ্যে ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল ছেড়েছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে ৫ হাজার ৭১৪ জন পুরুষ ও ৩ হাজার ৬৫৫ জন নারী। শতকরা হিসাবে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। আর চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App