×

প্রথম পাতা

রেফারির মান নিয়ে প্রশ্ন দেশমের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শুধু ফাইনালের স্বপ্নই ভাঙেনি, শেষ হয়ে গেছে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায়ও। বিদায়ের ম্যাচে হতাশা লুকাতে পারেননি তিনি। রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত পরাজয়ের দায় নিজের দলকেই দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

ম্যাচ শেষে দেশম বলেন, বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার জন্য রেফারি ইভান বার্টন যথেষ্ট যোগ্য ছিলেন কিনা, সেই প্রশ্ন থেকেই যায়। প্রথমার্ধে লামিন ইয়ামালকে ফাউল করার ঘটনায় স্পেনকে দেয়া পেনাল্টিসহ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তার আপত্তি ছিল। তার দাবি, শুধু ওই পেনাল্টিই নয়, ম্যাচের আরো কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই হারকে শুধু রেফারিং দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না।

দেশমের ভাষায়, ‘আমরা কৌশলগত দিক থেকে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম। স্পেন ম্যাচটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।’ তিনি আরো বলেন, ‘এটা সবার আগে আমাদেরই ব্যর্থতা। আমি এর জন্য অন্য কাউকে দায় দিতে চাই না।’

বিশ্বকাপজুড়ে আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিল ফ্রান্স। এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া আক্রমণভাগ ছিল টুর্নামেন্টের অন্যতম ভয়ংকর। প্রথম ছয় ম্যাচে ১৬ গোল করা দলটি সেমিফাইনালে এসে যেন নিজেদেরই ছায়ায় পরিণত হয়। ডালাসে স্পেনের সংগঠিত প্রেসিং, বলের দখল এবং শৃঙ্খলিত রক্ষণ ফরাসি আক্রমণকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। এমবাপ্পে-দেম্বেলেরা কার্যকর সুযোগই তৈরি করতে পারেননি।

দেশমও স্বীকার করেছেন, তার দল টেকনিক্যাল ও কৌশলগত- দুই দিক থেকেই প্রত্যাশার নিচে খেলেছে। ভুল পাস, বল হারানো, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো এবং আক্রমণে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব স্পেনকে আরো আত্মবিশ্বাসী করে তোলে। রদ্রি ও ফাবিয়ান রুইজের নেতৃত্বে স্প্যানিশ মিডফিল্ড ম্যাচের ছন্দ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যার জবাব খুঁজে পায়নি ফ্রান্স।

এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হচ্ছে ফরাসি জাতীয় দলের ডাগআউটে দেশমের দীর্ঘ ও সফল পথচলা। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর তিনি ধুঁকতে থাকা ফ্রান্সকে আবার বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালে হয় রানার্সআপ এবং এবার পৌঁছায় সেমিফাইনালে। এছাড়া ইউরোতেও একবার ফাইনাল ও একবার সেমিফাইনালে খেলেছে তার দল। ১৪ বছরে পাঁচটি বড় টুর্নামেন্টের চারটিতেই শেষ চার নিশ্চিত করা যে কোনো কোচের জন্যই ঈর্ষণীয় সাফল্য।

তবে শেষ অধ্যায়টি সুখের হলো না। ফাইনালের স্বপ্ন ভেঙে গেল স্পেনের আরো পরিণত, সংগঠিত ও কৌশলনির্ভর ফুটবলের কাছে। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত দেশম নিজেই স্বীকার করেছেন- এই রাতে ব্যবধান গড়ে দিয়েছে স্পেনের শ্রেষ্ঠত্বই। তাই তার বিদায়বেলায় সবচেয়ে বড় সত্যটি হলো, ফ্রান্সকে হারিয়েছে কোনো বিতর্ক নয়, বরং প্রতিপক্ষের আরো নিখুঁত ফুটবল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App