হামের উপসর্গে আরো ১ জনের প্রাণহানি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে হাম ও ডেঙ্গুতে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কমেছে।
গতকাল শুক্রবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জন এবং ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছিল। হামের সার্বিক পরিস্থিতি নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮১ জন। আর আরো ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন। এরপর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে চট্টগ্রামে, ২১০ জন। এছাড়া বরিশালে ১১০, সিলেটে ৬৬, ময়মনসিংহে ৪৩, খুলনায় ৩৮, রাজশাহীতে ৩১ ও রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৫ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪। বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ৯৮ হাজার ৬০০। যার মধ্যে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি, একই সময়ে ৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, বরিশালে বিভাগে ১০ জন রয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯ হাজার ৭৭০ জন। ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। ৮ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯১২ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
