×

প্রথম পাতা

ইরান-হুতিদের ‘নতুন চাপ’, এবার অস্থির সুয়েজ খালও

Icon

মিলিতা বাড়ৈ মুন্নি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইরান-হুতিদের ‘নতুন চাপ’, এবার অস্থির সুয়েজ খালও

মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বিশেষ করে এশিয়া ও ইউরোপের আমদানিনির্ভর দেশগুলোতে এর প্রভাব প্রকট। এরই মধ্যে ইরান হুমকি দিয়েছে- যুক্তরাষ্ট্র যদি তাদের তেলবাহী ট্যাংকার অবরুদ্ধ বা আটকে রাখে, তবে মধ্যপ্রাচ্য থেকে কোনো দেশে এক ফোঁটা জ্বালানি রপ্তানি হতে দেয়া হবে না। এই চাপ সৃষ্টিতে অনেকটা সফলও তেহরান। হরমুজ প্রণালি ও লোহিত সাগরের নিয়ন্ত্রণ এখন অনেকটা তাদেরই হাতে। এমন পরিস্থিতিতে একমাত্র সচল থাকা সুয়েজ খালের পাশে মিসরের বন্দরে দুটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।

গত বুধবার মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি গ্যাস ট্যাংকারে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে গতকাল শনিবার রাত ৮টা পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। এমনকি সুয়েজ খালে সরাসরি হামলার কোনো হুমকিও দেয়া হয়নি। তবুও এই হামলার ঘটনাকে কেন্দ্র করে নৌপথটির সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি জ্বালানি বাজারে বড় উদ্বেগ যোগ করেছে।

ইরান সমর্থিত হুতিরা এরই মধ্যে দেখিয়েছেন, তাদের ড্রোন ও রকেটের পাল্লার মধ্যে সুয়েজ খাল অঞ্চলও রয়েছে। তারা একাধিকবার ইসরায়েলের দিকে ড্রোন ও রকেট ছুড়েছেন। যদিও দীর্ঘ দূরত্বের কারণে সেগুলো ভূপাতিত করার সুযোগও বেশি।

জ্বালানি পণ্যের আন্তর্জাতিক দর নির্ধারণকারী প্রতিষ্ঠান ‘আর্গাস’-এর এলএনজি মূল্য নির্ধারণ বিভাগের প্রধান মার্টিন সিনিয়র বলেন, শুধু এ একটি কারণেই এখন জাহাজের বিমা খরচ বেড়ে যেতে পারে। মিসরে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ অঞ্চলে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর ওপর ঝুঁকি বেড়ে যাওয়ায় বিমাকারীরা সুয়েজ খালের জন্য বাড়তি ‘যুদ্ধ ঝুঁকি প্রিমিয়াম’ দাবি করতে পারেন।’ অবশ্য ইরান এখনো (সুয়েজ নিয়ে) সুনির্দিষ্ট কোনো হুমকি দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মূলত সুয়েজ খাল হলো মিসরে অবস্থিত ওই কৃত্রিম জলপথ, যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল (পাঁচ মিলিয়ন ব্যারেল) তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন করা হয়। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ।

এর আগে গত ২০ জুলাই লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানিতে অবরোধ ঘোষণা করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপরই বাব আল-মানদেব দিয়ে দক্ষিণমুখী রুটে (এশিয়ার দিকে) তেলের জাহাজের চলাচল কমে যায়। জুনে সৌদির ইয়ানবু বন্দর থেকে বোঝাই করা তেলের ৮১ শতাংশ যেখানে দক্ষিণে গিয়েছিল, সেখানে জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৩ শতাংশে।

একই সঙ্গে হুতিদের হুমকির জেরে লোহিত সাগরে তেল বোঝাই করার পর ট্যাংকারগুলোর সুয়েজ খালের দিকে যাওয়ার প্রবণতা স্পষ্টভাবে বেড়ে গেছে। এর আগে গত এপ্রিল মাসে ওই পাইপলাইন দিয়ে ১ কোটি ৯৫ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল। হুতিদের হুমকির পর জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ব্যারেলে।

গত বৃহস্পতিবার জাহাজ চলাচলের গতিবিধি নজরদারি প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’ জানায়, সুয়েজের ভূমধ্যসাগর প্রান্তের পোর্ট সাইড নোঙরখানায় প্রায় ৩০টি জাহাজ জড়ো হয়েছে। অথচ চলতি সপ্তাহের শুরুর দিকেও এ সংখ্যা ছিল ২০টির কাছাকাছি।

যদিও হুতিদের নজরদারি ও হামলার ঝুঁকি এড়াতে অনেক ট্যাংকার এখন অবস্থান শনাক্তকারী ট্র্যাকার বন্ধ রেখেই চলাচল করছে। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভোর্টেক্সারের বিশ্লেষক জর্জ মরিস জানান, বিশেষ করে দক্ষিণমুখী ঝুঁকিপূর্ণ রুটে এই প্রবণতা দ্রুত বাড়ছে। যদিও অনেক জাহাজ বাব আল-মানদেব সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে, তবে চীনের মালিকানাধীন কিছু ট্যাংকার হুতিদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ওই পথ ব্যবহার করছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট অপরিশোধিত তেলের প্রায় ৭০ শতাংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে রপ্তানি করে সৌদি আরব। হরমুজ প্রণালিতে অস্থিরতার পর সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি বহুগুণ বাড়িয়েছিল। কিন্তু বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধের ফলে সেই বিকল্প পথটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাংকারে হামলার দাবি এবং হুথিদের কড়াকড়ির কারণে অনেক জাহাজ পথ পরিবর্তন বা ইউটার্ন করতে বাধ্য হচ্ছে। এতে সৌদির দৈনিক তেল লোডিং এবং বৈদেশিক মুদ্রার আয় কমিয়ে দিচ্ছে। এ কারণে সৌদির অর্থনীতি ও রাজস্ব আয়ে বড় বিপর্যয় নেমে আসার ঝুঁকি দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হুতি গোষ্ঠী ও সৌদির মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। যা একপ্রকার অলিখিত অবরোধের মতোই।

এমন পরিস্থিতিতে চাপে পড়েছে বাংলাদেশ, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। এসব দেশ তাদের আমদানির ৯০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে ক্রয় করে থাকে। এখন হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় চাপে পড়েছে এশিয়ার এসব দেশ। সরবরাহ নিশ্চিত করতে এখন নানা চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু গত সোমবার হুথি বিদ্রোহীরা সাফ জানিয়ে দিয়েছে, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে দেয়া হবে না।

ভূ-রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গত মার্চ মাসে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বাব এল-মান্দেব প্রণালিকে এশিয়ার দেশগুলোতে জ্বালানি সরবরাহের ‘লাইফলাইন’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া ও ইরান- এই তিন শত্রæর মুখোমুখি হয়েছে সৌদি আরব। হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাত শুরু হওয়ায় শিগগিরই জলপথটি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। অন্যদিকে একমাত্র সচল থাকা সুয়েজ খালের পাশে হামলার ঘটনা উদ্বেগের।

এমন আবহে আজ রবিবারের মধ্যে ইরানে বড় পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এমন পরিকল্পনার কথা ঘোষণা করেছে দেশটি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘ইরানে মার্কিন হামলা শিগগিরই থামার সম্ভাবনা কম।’ মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে যাচ্ছি।’

অপরদিকে ট্রাম্পের এই হুমকির পর ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নতুন হামলা চালায়, তবে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এক জটিল পর্যায়ে পৌঁছেছে। একদিকে ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে আরো কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার চাপ বাড়াচ্ছে ইসরায়েল, অন্যদিকে না চাইলেও যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই জটিল হিসাবের মারপ্যাচে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক তেলের বাজার আরো অস্থির হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App