রাশিয়ায় ক্যাফের কাছে বিস্ফোরণে নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে বা কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মস্কোর ঐতিহ্যবাহী ‘স্তালিন আমলের’ সাতটি আকাশচুম্বী ভবনের একটির নিচতলায় অবস্থিত কুদ্রিনস্কায়া স্কয়ারের সামার টেরেসের কাছে বিস্ফোরণটি ঘটেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’-এ দেওয়া এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিস্ফোরণটি ঘটেছিল স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে।’
মস্কো পুলিশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছে, ‘এই বিস্ফোরণে ‘তিনজনের মৃত্যু হয়েছে ও বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন ১৫ জন’। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার থেকে ঘটতে পারে বলে অনুমান করছে রুশ রাষ্ট্রীয় টেলিভিশন, যদিও বিষয়টি এখনো স্বাধীন কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক
রাশিয়ান গণমাধ্যম জানিয়েছে, সশস্ত্র নিরাপত্তা বাহিনী যে বালজি রোসি রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটেছে, সেটির চারপাশের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাজা টেলিগ্রাম চ্যানেলও জানিয়েছে, ক্যাফের রান্নাঘরে গ্যাসের বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে।
তবে টেলিগ্রাম মনিটরিং চ্যানেল আস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণস্থলের কাছাকাছি এক জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। এই প্রতিবেদনের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং কর্তৃপক্ষও এ দাবি নিশ্চিত করেনি।
ঘটনাস্থলে পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি সেবাকর্মীদের মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
রাশিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কয়ারের কাছে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সেখানকার বারিকাদনায়া মেট্রো স্টেশনের প্রবেশপথগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: এপি
