শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আজ বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। আখেরি চাহার সোম্বা উপলক্ষে বাংলাদেশে সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’ নেই। এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটি। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ উপলক্ষে আজ বুধবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় থাকবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিস দিয়ে ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত ‘আখেরি চাহার সোম্বা’। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।
