আইসিডিডিআরবি
ডেঙ্গুর বিস্তারে সতর্ক থাকার পরামর্শ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সংস্থাটির মতে, এডিস মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক এক বার্তায় আইসিডিডিআরবি ডেঙ্গুর সাধারণ ও বিপজ্জনক লক্ষণসমূহ এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরে। কোনো অবস্থাতেই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা করা যাবে না; বরং সময়মতো লক্ষণ শনাক্ত করে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে সেই বার্তায়।
আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো হলো- উচ্চ জ্বর। শরীরের তাপমাত্রা হঠাৎ ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে তীব্র ব্যথা এবং পেশি, হাড় ও অস্থিসন্ধিতে (জয়েন্টে) প্রচণ্ড ব্যথা হওয়া। জ্বর আসার ২ থেকে ৫ দিনের মধ্যে ত্বকে ছোট ছোট লাল দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। বমি বমি ভাব, বমি হওয়া এবং খাবারের প্রতি অরুচি দেখা দেয়া। এছাড়া অত্যন্ত ক্লান্তি ও শারীরিক দুর্বলতা অনুভূত হওয়া। আর ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণসমূহের মধ্যে রয়েছে- তীব্র পেটে ব্যথা, বারবার বমি হওয়া, নাক বা মাড়ি থেকে রক্ত পড়া, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত দুর্বলতা ও ঝিমুনি। এসব বিপজ্জনক লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ আইসিডিডিআরবির।
ডেঙ্গু থেকে সুরক্ষা ও এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধে করণীয় হিসেবে এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষায় আইসিডিডিআরবি চারটি মূল পরামর্শ দিয়েছে। সেগুলো হলো- বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিয়ে চারপাশ পরিষ্কার রাখা; সব ধরনের পানির পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখা; রাতে বা দিনে ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করা; মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সচেতন থাকার পাশাপাশি আশপাশের মানুষদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
