×

প্রথম পাতা

সর্বোচ্চ রোগী এ মাসে

হাম-ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 হাম-ডেঙ্গু কেড়ে  নিল আরো ৬ জীবন

ছবি: সংগৃহীত

দেশে গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গে ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন হামের উপসর্গে আর বাকি ২ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে।

গতকাল বুধবার হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। মৃত ৪ জনের মধ্যে ২ জন ঢাকা, ১ জন সিলেট আর বাকি ১ জন বরিশাল বিভাগের। ১ হাজার ১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। নতুন করে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। ৯৩১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৭ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ১০৮, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৫, খুলনায় ৪৬, রংপুরে ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২২ শিশু মারা গেছে। এরমধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৩টি শিশুর আর হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। দেশে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৬ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ১৮ হাজার ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে। দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে ২ জনের মৃত্যু হয়েছে তাদের ১ জন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩০ জন। ১১৯ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে। বিভাগের মধ্যে বরিশালে ৭০ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ১৩৩ জন ও ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৯২ এবং রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত রোগটিতে ৭৬ জনের প্রাণ কেড়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২৭২। চলতি আগস্ট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অন্য মাসগুলোকে ছাড়িয়ে গেছে। আগস্টের ১৯ দিনের হিসাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৬২ জন; মারা গেছেন ২২ জন। এর আগে গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে ৭১৪ জন, জুন ২ হাজার ৯০৭ জন এবং জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত ৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App