×

প্রথম পাতা

সংকটে মানুষ

চট্টগ্রামে দাম বাড়ছে সব পণ্যের

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে দাম বাড়ছে সব পণ্যের

চট্টগ্রামের বাজারগুলোতে চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি কাঁচা সবজি ও মাছ-মাংসের দাম জ্যামিতিক হারে বাড়ছে। বাজারে টিসিবির সাশ্রয়ী মূল্যের যে পণ্য সরবরাহ থাকার কথা ছিল তারও দেখা নেই। মাঝেমধ্যে কিছু চাল-আটা খোলাবাজারে ন্যায্য মূল্যের নামে বিক্রি হয় নগরীর কিছু কিছু এলাকায়। কিন্তু তাও হঠাৎ দেখা মেলে। আর লম্বা লাইন পড়ে সেখানে। তাও নিমিষে শেষ হয়ে যায়। অন্যরা হতাশ হয়ে ফিরে যান। অপর দিকে পর্যাপ্ত গ্যাস না থাকায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের ঘরের উনুন জ্বলছে না। বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং ব্যবস্থার অনুপস্থিতি এই সংকটকে আরো ঘনীভূত করেছে।

সম্প্রতি বর্ষার সময়ে চট্টগ্রাম অঞ্চলে প্রচণ্ড বন্যায় বিস্তীর্র্ণ জনপদের ফসল, সবজি, মাছ, মুরগি ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় এ অঞ্চল থেকে সেই সরবরাহ এখনো শুরু করতে পারেননি কৃষকরা। ফলে চট্টগ্রাম জেলার বাইরে থেকে আসা পণ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে। ফলে পরিবহন খরচসহ নানা ফরিয়াদের পোষানোর পরই তা বাজারে আসে। ফলে দাম তখন হয়ে পড়ে অত্যধিক।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বাজারভেদে ১৭০ থেকে ১৯০ টাকার ঘরে এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সাধারণ গরিব মানুষের প্রোটিনের শেষ আশাটুকুও শেষ হচ্ছে ১৫০ টাকা ডজনের ডিমে। বাজারে ভালো মানের যেকোনো সবজি কিনতে গেলেই ৬০ থেকে ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না; করলা, বরবটি কিংবা আগাম শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। আড়তদারদের কারসাজিতে খোলা বাজারে চাল ও আটার দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

সামুদ্রিক মাছ ধরা পড়ছে বেশ। কিন্তু তাতেও দামের কমতি নেই। ইলিশও উঠছে বাজারে। কিন্তু তা সাধারণের নাগালের বাইরে। কবে যে ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে তা কেউ জানে না। বাজারের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে খাতুনগঞ্জের পাইকারি আড়তদার এবং সাধারণ কাঁচা বাজারের ব্যবসায়ীদের রয়েছে ভিন্ন ভিন্ন যুক্তি। খাতুনগঞ্জের আড়তদারদের দাবি, আন্তর্জাতিক বাজারে বুকিং দর বৃদ্ধি, এলসি খোলার জটিলতা এবং সাম্প্রতিক সময়ে জ্বালানি খরচ বাড়াতে পরিবহন খরচও বেড়েছে অনেক। এর কারণে পণ্যের পাইকারি দাম বেড়েছে। তাদের দাবি, কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ এখানে নেই। তাছাড়া বিভিন্ন স্থানের টোলসহ অদৃশ্য টোল রয়েছে নানামুখী। তবে সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো অভিযোগ সরাসরি করতে নারাজ ব্যবসায়ীরা।

অপর দিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। আড়ত থেকে খুচরা বাজারে আসার পথে ঘাটতি ও পরিবহন খরচের কারণে খুচরা পর্যায়ে দামের বিশাল ব্যবধান তৈরি হয়। পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম কমবে।

বাজারের এই অস্থিরতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি, তারা বাজার তদারকি করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাস্কফোর্স গঠন করে বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে এবং ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যের দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তবে সাধারণ ভোক্তাদের অভিযোগ, এই মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং প্রশাসনিক অভিযান শেষ হওয়া মাত্রই বাজার আবার আগের চেহারায় ফিরে যায়।

এই চরম অরাজকতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভোক্তা অধিকার রক্ষাকারী সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, প্রশাসনের নিয়মিত ও দীর্ঘমেয়াদি বাজার মনিটরিং ব্যবস্থার চরম অভাব রয়েছে। মাঠ পর্যায়ে কঠোর তদারকি না থাকায় অসাধু সিন্ডিকেট চক্র নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। শুধু মাঝে মাঝে লোকদেখানো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বিশাল সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। ক্যাব মনে করে, পাইকারি আড়ত থেকে খুচরা বাজার পর্যন্ত পাকা ক্যাশ মেমোর (রসিদ) ব্যবহার বাধ্যতামূলক না করায় মধ্যস্বত্বভোগীরা একচেটিয়া পকেট কাটছে ভোক্তাদের।

চট্টগ্রামের কোটি মানুষের এই সরব-নীরব যন্ত্রণা থামাতে শুধু জরিমানা বা সাময়িক অভিযান যথেষ্ট নয়। ক্যাব ও সাধারণ ভোক্তাদের দাবি, অবিলম্বে খাতুনগঞ্জ থেকে শুরু করে প্রতিটি খুচরা বাজারে কঠোর ও স্থায়ী বাজার মনিটরিং সেল গঠন করা হোক। একই সঙ্গে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে টিসিবির পণ্য সরবরাহ চেইন জোরদার করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App