ছুরিকাঘাতে রক্তাক্ত কুকুর ড্রেনে, প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার এক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় ড্রেনে ছুরিকাঘাতে রক্তাক্ত একটি কুকুর পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
ঘটনার পর সোমবার রাতেই ডিবি পুলিশ মো. স্বপন (৪৫) নামে এক ব্যবসায়ীকে চাকুসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত স্বপন বগুড়া মহানগরীর কানুচগাড়ি পুকুরপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর কুকুরকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন সদর থানায় মামলা করেছেন।
বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার ও মামলার সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানুচগাড়ি এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে যান। সেখানে রক্তাক্ত ও জখম অবস্থায় একটি পথকুকুরকে ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করা হয়। দা, বঁটি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পিঠে আঘাত করা হয়। এতে ক্ষতটি প্রায় মেরুদণ্ড পর্যন্ত পৌঁছেছে। গুরুতর আহত কুকুরটিকে মহানগরীর জলেশ্বরীতলায় একটি পশুচিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরে এমরান হোসেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের খবর দেন।
এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান এবং পেটস কনসালটেন্সির ডা. আকাশের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেন। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসার পর কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি হয়।
এ ঘটনায় এমরান হোসেন সোমবার রাতেই সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা করেন। মধ্যরাতে মহানগরীর
মালতীনগর বকশীবাজার এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত স্বপনের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। গতকাল দুপুরে স্বপনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
