এইচএসসি-সমমান
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত ১৬ জুলাই পর্যন্ত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ বিবেচনায় রেখে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বিভিন্ন
মন্ত্রণালয় সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।’
তিনি আরও বলেন, ‘দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।’
পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
