প্রতারণার মামলা
আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইটুই সলিউশনস লি. নামের একটি কোম্পানি থেকে ৬ লাখ টাকার ব্যাটারি কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগে গুলশান থানায় হওয়া প্রতারণার মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে গতকাল বুধবার জামিন চান ববি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত ১ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেয়। প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার জামিনের তথ্যটি নিশ্চিত করেন।
গেল ১২ জুলাই ইটুই সলিউশনস লি. এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন, বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ১২ নভেম্বর বিকাল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লি. এ যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দেবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে মামলায় অভিযোগ করেন।
